দেবজিৎ মুখার্জি: আইপিএল চলাকালীন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় গোটা ভারতবর্ষে। পুরো ক্রিকেট মহলে উঠতে শুরু করে প্রশ্ন। শুধু ক্রিকেট মহালই নয়, গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের মনের মধ্যে তখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করতো যে আদৌ কি বিরাট নিজের থেকে অবসর ঘোষণা করেছেন নাকি জোর করা হয়েছে। তখন অনেকেই নিজেদের মত প্রকাশ করতেন এই ব্যাপারে।
এবার এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি, সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “আমার মনে হয়না যে জল্পনাগুলি তৈরি হয়েছে বিরাটকে ঘিরে, তা সত্যি বা যুক্তিসঙ্গত। একজন ক্রিকেটার বুঝতে পারেন যে সে কোথায় দাঁড়িয়ে রয়েছে। বিরাট হয়তো বিগত পাঁচ বছরের টেস্ট ক্রিকেটে সেভাবে রান পায়নি। ও হয়তো মনে করেছে যে এটাই সঠিক সময় এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার।”
তিনি আরো বলেন, “সবকিছুরই একটা শেষ থাকে। আমরা অনেকেই অবাক হয়েছিলাম বিরাটের অবসরের কথা শুনে। মাত্র ৩৬ বছর বয়স। এখনো বেশ ফিট। এখনো আইপিএল আর একদিনের ক্রিকেট খেলছে। তবে দুটো কিন্তু এক জিনিস নয়। একদিন না একদিন থামতেই হবে সকলকে। আমিও যেমন ভেবেছিলাম নিজের সময় যে এটা ঠিক সময় অবসর ঘোষণা করার, আমি তখন অবসর নিয়ে নিয়েছিলাম।”
