নিউজ ডেস্ক: তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টকের বিতর্কিত সিদ্ধান্তগুলির বিরুদ্ধে সরব হওয়ার শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ, তথা দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার, ড্যারেন স্যামি। আইসিসির তরফ থেকে তাঁকে দেওয়া হল শাস্তি। তাঁকে জরিমানা করা হলো ম্যাচ ফির ১৫ শতাংশ। যদিও ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন যে স্যামির ক্ষোভ উগড়ে দেওয়াটা ভুল কিছু নয়।
ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৫৯ রানে হারে তারা। তবে এই ম্যাচে একাধিক ভুল সিদ্ধান্ত দেওয়া হয় তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টকের তরফ থেকে। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় হেড আউট হওয়া সত্ত্বেও তাঁকে আউট দেওয়া হয়নি। শুধু তাই নয়, উইন্ডিজদের ইনিংস চলাকালীন রস্টন চেজের ব্যাটে স্পাইক লাগা সত্বেও তাঁকে এলবি দেওয়া হয়। কেরি হোপের ক্যাচ ফেলা সত্ত্বেও তাঁকে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। দুটোই হয়েছে ডিআরএসে প্রমাণ থাকা সত্ত্বেও।
এমন পরিস্থিতিতে দ্বিতীয় দিনের খেলার শেষে হোল্ডস্টকের বিরুদ্ধে রাগ প্রকাশ করে দেন স্যামি। তিনি বলেন, “কিছু তো রয়েছে এই দলটার বিরুদ্ধে। একের পর এক ভুল সিদ্ধান্ত যখন আপনি দেখেন, তখন এমন প্রশ্নই জাগে। আমি একটি জিনিস লক্ষ্য করেছি আম্পায়ারকে নিয়ে ইংল্যান্ড থেকে। খুবই ফ্রাস্ট্রেটিং।” এরপরই আইসিসি স্যামিকে শাস্তি দেয় এবং ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করে। এবার দেখার বিষয় যে পরবর্তী টেস্ট থেকে আম্পাযাররা সতর্ক হন কিনা।
