নিউজ ডেস্ক: “ওর ওয়ার্কলোডের কথা মাথায় রেখে ওকে আমরা এই টেস্টে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি” টসে বুমরাহকে না খেলানো নিয়ে এমনটাই জানালেন টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল। ভারত অধিনায়কের মতে লর্ডসের পিচে সাহায্য পাবে বুমরাহ এবং সেই কারণে তাঁকে ওখানে ব্যবহার করাই ঠিক হবে। যদিও দেশের বহু ক্রিকেটপ্রেমী আবার বুমরাহকে না খেলানোতে চিন্তাপ্রকাশ করেছেন।
দেখতে দেখতে শুরু হয়ে গেছে বার্মিংহামে সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাচ শুরুর আগেই বুমরাহের খেলা নিয়ে সংশয় ছিল সকলের মনে। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে দলের অধিনায়ক সকলেই ভাবছিলেন যে আদৌ বুমরাহকে খেলানো ঠিক হবে কিনা। অনেকে এর পক্ষে ছিলেন আবার অনেকে বিপক্ষে। বলা ভালো, দলের মধ্যে একটা চাপ চলছিল। কি করবে বা কি করবে না, তা নিয়ে চিন্তা ছিল সকালের মধ্যে।
অবশেষে তাঁকে না খেলানো সিদ্ধান্ত নেওয়া হয় দলের তরফ থেকে। এদিন টসে এই ব্যাপারে বক্তব্য রাখেন দলের অধিনায়ক শুভমান গিল। তিনি বলেন, “ওর ওয়ার্কলোডের কথা ভেবে আমরা ওকে এই ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের কাছে দ্বিতীয় টেস্ট গুরুত্বপূর্ণ হলেও আমরা মনে করি লর্ডসে অনেক সাহায্য পাবে বুমরাহ এবং সেই কারণেই ওকে ওখানে খেলানো হবে বলে ঠিক করা হয়েছে।”
