নিউজ ডেস্ক: আবারো বোলিং ব্যর্থতার ফলে ডুবলো টিম ইন্ডিয়া। যা হয়েছিল হেডিংলিতে, তা হলো বার্মিংহামেও। বলা ভালো, জাস্প্রিত বুমরাহ ছাড়া দলের বোলিং বিভাগ কতটা দুর্বল, তা ফের প্রকাশ্যে এলো। পাহাড়ের সমান রান করেও ইংল্যান্ডকে ফলোঅন দিতে পারল না টিম ইন্ডিয়া। ৫৮৭ রানের জবাবে তাদের প্রথম ইনিংস শেষ হয় ৪০৭ রানে। যদিও বেশ বড় ব্যবধানেই এগিয়ে ভারত। কিন্তু যেভাবে ইংল্যান্ড কামব্যাক করেছে, তাতে প্রশ্ন উঠছে বোলারদের বোলিং নিয়ে।
তবে তৃতীয় দিনের খেলায় রীতিমত লজ্জার নজির বললেন টিম ইন্ডিয়ার তরুণ বোলার প্রসিদ্ধ কৃষ্ণা। ১৩ ওভার বল করে তিনি দিলেন ৭২ রান। এর উপর কোনো উইকেট পাননি তিনি। ইংল্যান্ডের ব্যাটারদের একেবারে আক্রমণ মেজাজে দেখা গেছে তাঁর বোলিংয়ের সামনে। বহু ক্ষেত্রে তাঁরা স্টেপআউট করেও বাউন্ডারি হাকিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণার বিরুদ্ধে। বলা ভালো, ছেলে খেলা করা হয়েছে তাঁর সাথে।
টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত প্রসিদ্ধ কৃষ্ণার যা ইকোনমি, তা গত ১৪৮ বছরে কারোর নেই। এই মুহূর্তে তাঁর ইকোনমি পাঁচের বেশি। এই রেকর্ড প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নিন্দার বন্যা। দেশের অধিকাংশ ক্রিকেটপ্রেমীই মনে করছেন যে অবিলম্বে তাঁকে দল থেকে বাদ দেওয়া দরকার। এখানেই শেষ নয়, অনেকে এটাও দাবি করেছেন যে টেস্ট ক্রিকেট প্রসিদ্ধ কৃষ্ণার জন্য নয়। এবার দেখার বিষয় যে কত তাড়াতাড়ি এই ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে পারেন তরুণ পেসার। তিনি কি পারবেন তাঁর ইকোনমি শুধরাতে? সেটাই এখন দেখার বিষয়।
