নিউজ ডেস্ক: অবশেষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খাতা খুলল টিম ইন্ডিয়া। বার্মিংহামে দ্বিতীয় টেস্টে তারা জিতল বড় ব্যবধানে। ৩৩৬ রানের ম্যাচ নিজেদের ঝুলিতে তোলেন শুভমান গিল ও তাঁর বাহিনী। এদিন দলের ব্যাটাররা কোনভাবেই দাগ কাটতে সফল হননি। প্রথম মিনিট থেকেই ইংল্যান্ডকে চাপে ফেলতে শুরু করে ভারতীয় ক্রিকেট দলের বোলিং বিভাগ। বলা ভালো, এদিন একেবারে তাসের ঘরের মতো গুঁড়িয়ে যায় ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার।
তবে এদিন দর্শকদের দৃষ্টি সবচেয়ে বেশি আকর্ষণ করেছেন টিম ইন্ডিয়ার তরুণ পেসার আকাশ দ্বীপ। দ্বিতীয় ইনিংসে তোলেন তিনি মোট ছটি উইকেট। বলা ভালো, একাই ভেঙে দেন ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের অহংকার। তাদের ব্যাজবল ক্রিকেট রীতিমতো ফেল হয় এদিন এই তরুণ বোলারের সামনে। যেভাবে আকাশ দ্বীপের বল সুইং হচ্ছিল, তা সামলাতে বেশ হাবুডুবু খাচ্ছিলেন ইংল্যান্ডের ব্যাটিং বিভাগ।
আকাশ দ্বীপের বোলিংয়ের প্রশংসা করেছেন প্রাক্তন ক্রিকেট তারকা থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী সকলেই। অনেকেই দাবি করেছেন যে বুমরাহের অনুপস্থিতিতে দল যেটার জন্য তাঁকে প্লেইং একাদশে জায়গা দিয়েছিল, তা তিনি করে দেখিয়েছেন। তাঁর দলের সতীর্থরাও বেশ খুশি হয়েছেন এই পারফরম্যান্স দেখে। প্রথম ইনিংসে সিরাজ আর দ্বিতীয় ইনিংসে আকাশ, যেভাবে পেসাররা দাপট দেখিয়েছেন, তা এখন হয়ে উঠেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার বিষয়। এবার দেখার বিষয় পরবর্তী ম্যাচগুলিতেও এমন পারফর্ম করে দেখাতে পারেন কিনা আকাশ দ্বীপ।
