নিউজ ডেস্ক: অবশেষে শুভমান গিল পেলেন অধিনায়ক হিসেবে প্রথম সাফল্য। বার্মিংহাম টেস্ট জিতল ভারতীয় ক্রিকেট দল এবং এর জেরে পাঁচ ম্যাচে সিরিজে খাতা খুলল তারা। এই মুহূর্তে ফলাফল ১-১। বলা ভালো, হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছে গেছে সিরিজ। এদিন তিন উইকেটে ৭২ রান নিয়ে খেলতে নেমে ২৭১ রানের শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ৩৩৬ রানের ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে টিম ইন্ডিয়া।
দলের এই জয়ের পর অভিনন্দন জানান ভারতীয় ক্রিকেটের দুই সর্বকালের সেরা ক্রিকেটার শচীন তেন্ডুলকর এবং বিরাট কোহলি। নিজের এক্স হ্যান্ডেল থেকে শচীন লেখেন, “অভিনন্দন শুভমান গিল ও ভারতীয় ক্রিকেট দলকে এই জয়ের জন্য। দ্বিতীয় ইনিংসে বেশ ভালো ব্যাটিং করেছে পান্থ, রাহুল ও জাদেজা। বোলাররা যেভাবে একটা লেন্থ ধরে বোলিং করছিলেন, তা আমাকে বেশ মুগ্ধ করেছে। আমার মনে হয় যেই বলটা আকাশ দ্বীপ জো রুটকে করেছে, সেটা সিরিজের সেরা বল। মহাম্মদ জন্টি সিরাজের ক্যাচটাও বেশ উপভোগ করেছি।”
অন্যদিকে বিরাট কোহলি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে লেখেন, “একটা দারুন জয় পেয়েছে এজব্যাষ্টনে। চাপে পড়ে পিছু হটেছে ইংল্যান্ড। শুভমানের দারুন ব্যাটিং, অসাধারণ অধিনায়কত্ব এবং অন্যদের পারফরমেন্স। আলাদা করে উল্লেখ করতেই হবে এই পিচে সিরাজ ও আকাশ দ্বীপের বল করা।” এবার দেখার যে এই পারফরম্যান্স ধরে রাখতে পারে কিনা ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট কি জিতবে তারা? সেটাই এখন দেখার বিষয়।
