নিউজ ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল বার্মিংহাম টেস্ট। বড় ব্যবধানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালো টিম ইন্ডিয়া। ৩৩৬ রানে ম্যাচ জিতলেন শুভমান গিল ও তাঁর বাহিনী। সৌজন্যে অন্তিম দিনে আকাশ দ্বীপের বিধ্বংসী বোলিং। তিনি একাই ছয়টি উইকেট তোলেন এবং তাসের ঘরের মতো গুঁড়িয়ে দেন ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারকে। বলা ভালো, তাঁর দাপটের সামনে মাথানত করতে বাধ্য হয় ইংল্যান্ডের ব্যাটিং বিভাগ।
তবে ম্যাচের সেরা ঘোষণা করা হয় ‘মেন ইন ব্লু’র অধিনায়ক শুভমান গিলকে। দুই ইনিংস মিলিয়ে তিনি করেন মোট ৪৩০ রান। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ১৬১। এক কথায় বলতে গেলে, রীতিমতো ডমিনেটিং পারফরম্যান্স এসেছে তাঁর ব্যাট থেকে। এই মুহূর্তে গোটা ভারতবর্ষ শুভমানের প্রশংসায় পঞ্চমুখ। সকলের মুখে এখন চলছে তাঁরই নাম।
কিন্তু গিলের এই অসাধারণ ব্যাটিংয়ে হতাশ হয়েছেন ইংল্যান্ডের ব্যাটিং কোচ মার্কাস ট্রেসকথিক। বিবিসিকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি বিরক্ত ওকে এভাবে ব্যাট করতে দেখে। পুরো হতাশায় ডুবে গেছি। দেখতে ভালো লাগে যখন ব্যাটাররা রান পায়। কিন্তু তাই বলে এভাবে। দুই ইনিংসেই অসাধারণ ব্যাটিং করেছে। সেঞ্চুরি পেয়েছে, যেটা সত্যিই স্পেশাল। এত রান কেউ করতে পারে না।” এক্ষেত্রে দেখার বিষয় যে আগামী ম্যাচগুলিতেও একই ফর্ম ধরে রাখতে পারেন কিনা শুভমান গিল।
