নিউজ ডেস্ক: এই মুহূর্তে ক্রিকেট মহলে বড় আলোচনার বিষয় টিম ইন্ডিয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে এজব্যাষ্টন টেস্টে জয়। যেভাবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফিরিয়েছে ভারত, তা নজর কেড়েছে সকল ক্রিকেটপ্রেমীর। বলা বাহুল্য, এখনো তার রেশ কাটেনি ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে দলের জয়ের চেয়েও যেভাবে গোটা ম্যাচে অধিনায়ক শুভমান গিল ব্যাটিং করেছেন, তা হইচই ফেলে দিয়েছে চারিদিকে। দুই ইনিংস মিলিয়ে তাঁর মোট সংগ্রহ ৪৩০। প্রথম ইনিংসে ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৬১।
এবার গিলের প্রশংসা করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক। স্কাই ক্রিকেটের পডকাস্টে তিনি দাবি করেন যে বিরাট কোহলি ছায়া তিনি দেখছেন শুভমান গিলের মধ্যে। তাঁর বক্তব্য, “শুধু টিম ইন্ডিয়ার নয়, ক্রিকেট বিশ্বের টেস্ট অধিনায়কদের মধ্যেও সেরা বিরাট কোহলি। গিলও সেই পথেই হাঁটছে।”
ডিকে আরো বলেন, “গিল বলছিল যে ও আলাদাভাবে ব্যাটিং করত। কিন্তু এখন অধিনায়ক হওয়ার পর ও নিজের দরকারের চেয়ে দলের কি দরকার সেটা বেশি দেখে। আমি এটা শোনার পর ভাবলাম যে বিশ্ব ক্রিকেটের ওর এই কথাগুলো শোনা উচিত। গিল এমন একজন ক্রিকেটার, যার মধ্যে দক্ষতা, টেকনিক, মাইন্ডসেট সবটাই রয়েছে। দলকে ও সামনে থেকেই নেতৃত্ব দেবে।”
