নিউজ ডেস্ক: দেখতে দেখতে বৃহস্পতিবার ক্রিকেটের স্বর্গ লর্ডসে শুরু হয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট। প্রথম দিনে দুই দলে ক্রিকেটাররাই ভালো পারফর্ম করেছেন। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়িয়েছে ৮৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫১। শতরানের দোরগোড়ায় দলের তারকা ব্যাটার জো রুট। তবে এদিন সকলের দৃষ্টি আকর্ষণ করেছে ইংল্যান্ডের খেলার ধরন। যেই দল ব্যাজবল ক্রিকেটের মাধ্যমে দ্রুত রান তুলতে অভ্যস্ত, তারা কিনা আজ অত্যন্ত ধৈর্যের সঙ্গে ব্যাটিং করেছে।
তবে এদিন ম্যাচের আগে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয় গোটা ক্রিকেট বিশ্ব। বলা ভালো, বিশ্বের সকল ক্রিকেটপ্রেমী এই মুহূর্তের সাক্ষী হন। কেউ স্টেডিয়ামে উপস্থিত থেকে আবার কেউ বাড়িতে বসে টিভিতে দেখে। ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরু করলেন ক্রিকেটের ভগবান, তথা লিটিল মাস্টার, শচীন তেন্ডুলকার এবং এর জেরে তিনি যুক্ত হন স্যার ভিভিয়ান রিচার্ডস, স্যার ইয়ান বোথাম, শেন ওয়ার্ন, সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড়, কপিল দেবদের তালিকায়।
কিন্তু এদিন তার চেয়েও বেশি অভিনবভাবে শচীনকে সম্মানিত করা হয়। কিভাবে? ঘন্টা বাজানোর আগে এমসিসি মিউজিয়ামে তাঁর প্রতিকৃতি উন্মোচন করা হয়। নিজের হাতেই তা উন্মোচন করেন ১০০ সেঞ্চুরির মালিক। আপ্লুত শচীন নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, “এটা বিশাল বড় সম্মানের। ভারতীয় ক্রিকেট দল ১৯৮৩ সালে এখানেই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল। কপিল দেব ট্রফি তুলেছিলেন। ভালো লাগছে এখানে আমার প্রতিকৃতি দেখে। আমার মুখে হাসি ফুটে ওঠে যখন আমি আমার কেরিয়ারের কথা ভাবি। সত্যিই এটা খুব স্পেশাল।”

