নিউজ ডেস্ক: বিশ্রাম নেওয়ার পরে ফিরে তাক লাগিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। প্রথম দিনে তেমন কিছু করে দেখাতে পারেননি তিনি। তবে দ্বিতীয় দিনে তিনি রীতিমতো কাঁপিয়ে দিলেন ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারকে। একটি নয়, দুটি নয়, একেবারে পাঁচটি উইকেট নিলেন তিনি। বলা ভালো, দল যা চেয়েছিল তাঁর থেকে, তা তিনি করে দেখালেন।
শুক্রবার ছিল লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের খেলা। ৪ উইকেটে ২৫১ রান নিয়ে খেলতে নামে ইংল্যান্ড। তবে এদিন দ্রুত তিনটি উইকেট হারায় তারা বুমরাহের দাপুটে বোলিংয়ে। তবে তারপর খুব একটা বড় পার্টনারশিপ হতে পারেনি তাদের মধ্যে। ৩৮৭ রানে অলআউট হয়ে যায় গোটা দল। আর্চারকে আউট করে ফাইফার নেন বুমরাহ, যা দেখে আনন্দে মেতে ওঠেন তাঁর সতীর্থরা।
এই পাঁচটি উইকেট নিয়ে তিনি ভাঙেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের রেকর্ড। কি সেই রেকর্ড? এর আগে বিদেশের মাঠে ১২টি ফাইফার নিয়েছিলেন কপিল দেব। এবার তাঁকে ছাপিয়ে গেলেন বুমরাহ এবং নেন ১৩টি ফাইফার। তবে তিনি উচ্ছ্বাস দেখাননি। সেটা না করতে দেখে তাঁর বোলিং পার্টনার মহাম্মদ সিরাজ তাঁর হাত জোড় করে ধরে তুলে দেন ক্রাউডের উদ্দেশ্যে।
