নিউজ ডেস্ক: বড় স্বস্তি ভারতীয় ক্রিকেট দলের! যেই ভয়টা পাওয়া হচ্ছিল, অবশেষে তা সত্যি হয়নি। যেভাবে ইংল্যান্ডের ব্যাটিং চলাকালীন উইকেটকিটিং করতে গিয়ে আঘাত পেয়েছিলেন দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ, তাতে এক সময় মনে করা হচ্ছিল যে তিনি ব্যাট করতে নামতে পারবেন না। তেমনটা যদি হতো, তাহলে বড়সড় সমস্যার মুখোমুখি হতে হতো গোটা দলকে। কিন্তু অবশেষে তিনি ব্যাট করতে নামেন এবং এখনো পর্যন্ত মোটামুটি ভালই খেলছেন।
বৃহস্পতিবার লর্ডস টেস্টের প্রথম দিনে লাঞ্চের পর উইকেটকিপিং করতে গিয়ে আঘাত পান ঋষভ পান্থ। এরপর তাঁর পরিবর্তে কিপিং করতে নামেন ধ্রুব জুড়েল। দ্বিতীয় দিনের খেলাতেও তাঁকে দেখা যায়নি। তার উপর ভয় আরো দ্বিগুণ করে দিয়েছিলেন দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তিনি জানিয়েছিলেন যে দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে কিছুক্ষণ ব্যাট করেছিলেন পান্থ। তবে বেশ কষ্ট করে ব্যাট করতে হচ্ছিল তাঁকে। এমন পরিস্থিতিতে তাঁর জায়গায় যদি কেউ ব্যাটিং না করতে পারে তাহলে চিন্তার শেষ থাকবে না দলের।
কিন্তু শেষ পর্যন্ত ঋষভ পান্থ ব্যাট করতে নামেন। দলের অধিনায়ক শুভমান গিল আউট হওয়ার পর তিনি ক্রিজে আসেন এবং দলের তারকা ব্যাটার কেএল রাহুলের সঙ্গে দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত খেলেন। তিনি অপরাজিত রয়েছেন ৩৩ বলে ১৯ রান করে। অন্যদিকে অর্ধশতরান করে ফেলেছেন রাহুল। দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৪৫। এক্ষেত্রে মনে করা হচ্ছে যে তৃতীয় দিন হয়তো পুরোটাই খেলবে টিম ইন্ডিয়া এবং স্কোরবোর্ডে বড় রান তুলবে। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত তারা সেটা করে দেখাতে পারে কিনা।
