নিউজ ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল লর্ডস টেস্টের তৃতীয় দিনের খেলা। ইংল্যান্ডের করা ৩৮৭ রানের জবাবে ভারতেরও প্রথম ইনিংসের শেষ হয় ৩৮৭ রানে। এক কথায় বলতে গেলে লিড নিতে পারেননি শুভমান গিলরা। তবে তৃতীয় দিনের খেলায় বেশ কয়েকটি ভালো ব্যাটিং পারফরম্যান্স আসে টিম ইন্ডিয়া থেকে। কেএল রাহুলের সাজানো-গোছানো শতরান, ঋষভ পান্থের আগ্রাসী ৭৪ এবং রবীন্দ্র জাদেজার সাহসী ৭২। বলতে গেলে, এদিন দলের ব্যাটিং বিভাগের ব্যাটিং ছিল দেখার মতো।
তবে এদিনের খেলার শেষ ওভারে ঘটে এক বড় কান্ড। ইংল্যান্ডকে ওভার নষ্ট করতে দেখে ক্ষুব্ধ হয় ভারতীয় ক্রিকেট দল। দিনের শেষে মাত্র একটি ওভার খেলে ইংল্যান্ড এবং বিনা উইকেট হারিয়ে করে ২ রান। বল করতে আসেন বুমরাহ। তাঁকেও বেশ অসন্তুষ্ট দেখায় ইংল্যান্ডের এমন আচরণ দেখে। যদিও তিনি শুভমান গিল বা মহাম্মদ সিরাজের মতো আগ্রাসীভাবে ইংল্যান্ডের ব্যাটারদের দিকে এগিয়ে যাননি। বলা ভালো, তিনি মাথা ঠান্ডা রেখেছিলেন।
এই দৃশ্য চোখের নিমেষে ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এবং হয়ে ওঠে ক্রিকেটপ্রেমীদের মধ্যে এক বড় আলোচনার বিষয়। প্রায় সকল ক্রিকেটপ্রেমীই নিজের মতামত জানান এই ব্যাপারে। দুই দেশের সমর্থকরাই একে অপরকে দোষারোপ করেন সোশ্যাল মিডিয়ায়। তবে দিনের শেষে ক্রিকেটারদের যে আগ্রাসন দেখা গেছে, বিশেষ করে যেভাবে শুভমান গিল ও জ্যাক ক্রলি একে অপরের দিকে আঙ্গুল তুলে কথা বলছিলেন, অনেকেই তা দেখে মনে করছেন যে চতুর্থ দিন বড়সড় কিছু ঘটতে পারে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।
