নিউজ ডেস্ক: যেমনটা আশা করা হয়নি ঠিক তেমনটাই হল। ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম থেকেই সকলের প্রিয় ছিল প্যারিস সেন্ট জার্মান। গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরাই মনে করছিলেন যে তাদের হাতেই ট্রফি উঠবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। উল্টে খেতাব নিজেদের নামে করতে সফল হলো চেলসি। ফাইনালে তারা বড় মার্জিনে পরাজিত করল শক্তিশালী পিএসজিকে। ম্যাচের ফলাফল ৩-০। শুরু থেকে শেষ অবধি, যে খেলা চেলসি তুলে ধরেছে, তার প্রশংসা করেছে সকলে।
ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণ করতে শুরু করে চেলসি। লাগাতার চাপ বাড়াতে শুরু করে পিএসজির রক্ষণভাগের উপর। এক কথায় বলতে গেলে, চেলসির আক্রমণের সামনে রীতিমতো নড়বড়ে দেখাচ্ছিলো পিএসজির রক্ষণভাগকে। অবশেষে প্রথমার্ধের ২২ মিনিটে সুযোগ কাজে লাগায় তারা। পামারের গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয় গোলটিও পামারই করেন। সেটা আসে ৩০ মিনিটে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক কয়েক মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোলটি করেন পেড্রো। অবশেষে প্রথমার্ধ শেষ হয় ৩-০ গোলে।
দ্বিতীয়ার্ধেও একইরকম খেলা খেলে চেলসি। ফের প্রথম মিনিট থেকেই আক্রমণ করতে শুরু করে তারা, যা কোনরকমে রুখে দেয় পিএসজির ডিফেন্স। বলা বাহুল্য, গোটা ম্যাচে পিএসজিকে হাতেগোনা কয়েকবার চেলসির রক্ষণভাগ ভেদ করতে দেখা গিয়েছে। যেন মনে হচ্ছিল, পুরো ম্যাচেই তারা ডিফেন্স করে কাটাবে। ৮০ মিনিটের মাথায় চেলসির কাছে আরো একটি সুযোগ আসে গোল করার। তবে চতুর্থ গোলটি করতে পারেনি তারা। অবশেষে ৩-০ ফলাফলে ম্যাচ জেতার পাশাপাশি ট্রফি নিজেদের নামে করে নেয় তারা।
