নিউজ ডেস্ক: লর্ডস টেস্টে যেভাবে পরাজিত হয়েছে ভারতীয় ক্রিকেট দল, তা একপ্রকার চমকে দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে। শুধু তাই নয়, মন ভেঙেছে ভারতের ক্রিকেটপ্রেমীদেরও। জয়ের কাছাকাছি এসেও জয় না পাওয়া, হতাশ করেছে সকলকে। ৮ থেকে ৮০, কেউই এই হার মেনে নিতে পারছেন না। বলা ভালো, এই ম্যাচ এখন হয়ে উঠেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে এক বড় আলোচনার বিষয়। সকলের মুখেই এখন একটাই নাম ঘোরাফেরা করছে আর সেটা হলো রবীন্দ্র জাদেজা।
যেভাবে ব্যাটিং ধ্বসের মধ্যে রান তাড়া করার সময় ধরে খেলছিলেন জাদেজা, তার প্রশংসা করেছেন সকলে। বিশেষ করে যেভাবে তিনি টেল এন্ডারদের সঙ্গে মাটি আঁকড়ে পড়েছিলেন, সেটা সকলেই সম্মান জানিয়েছেন। অনেকেই দাবি করেছেন যে জাদেজা না থাকলে এতটা করে দেখাতে পারত না ভারতীয় ক্রিকেট দল। ২২ রানে হারলেও জাদেজা যে লড়াকু মানসিকতার প্রমাণ দিয়েছেন, সকলেই সেটাকে কুর্নিশ জানিয়েছেন। বলা বাহুল্য, এই মুহূর্তে তিনি সকলের নয়নের মনি।
তবে এবার এক জাদেজার কষ্ট নিয়ে মুখ খুলেছেন আরেক জাদেজা। রবীন্দ্র জাদেজা যেভাবে হতাশ হয়েছেন, এবার সেই বিষয় নিজের অবস্থান জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা অজয় জাদেজা। কি বললেন তিনি? প্রাক্তন ভারতীয় তারকার বক্তব্য, “দেখুন খারাপ তো লাগার কথাই ড্রেসিংরুমে বসে এই পরাজয় নিয়ে চিন্তা করলে। এতো ভালো ক্রিকেট খেলে, জয়ের এত কাছাকাছি এসেও যদি হারতে হয়, তাহলে খারাপ তো লাগবেই। ওর থেকে বেশি কারোর মন খারাপ হবে না।” এবার দেখার বিষয় পরবর্তী ম্যাচগুলি জিতে সিরিজে ঘুরে দাঁড়াতে পারে কিনা ভারত।

