নিউজ ডেস্ক: এই মুহূর্তে দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে সবচেয়ে বড় আলোচনার বিষয় লর্ডস টেস্ট। যেভাবে অল্প রান তাড়া করতে গিয়ে পরাজয়ের মুখ দেখতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে, তা হতাশ করিয়েছে সকলকে। শুধু ক্রিকেটপ্রেমী নয়, বহু প্রাক্তন তারকাও এই হার মেনে নিতে পারেননি। বলা ভালো, বর্তমানে সকলেই চিন্তিত রয়েছেন চতুর্থ টেস্ট নিয়ে। কি হবে ফলাফল? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মাথায়।
তবে লর্ডসে ভারত পরাজিত হলেও শুভমান গিলকে অধিনায়ক বা ব্যাটার হিসেবে খারাপ বলে মনে করছেন না ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি, সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের মতে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু শিখে যাবেন গিল এবং আগামী দিনে আরো ভালোভাবে নেতৃত্ব দেবেন দলকে। এখানেই শেষ নয়, টিম ইন্ডিয়ার নয়া টেস্ট অধিনায়কের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন দাদা। তিনি দাবি করেছেন যে বেশ ভালই পারফর্ম করেছেন গিল।
মহারাজ বলেন, “ও নিজের মতো করে পুরো ব্যাপারটা ঠিক সামলে নেবে। সবকিছুই ধীরে ধীরে শিখে যাবে। আরো ভালো নেতৃত্ব দেবে দলকে আগামী দিনে। একটু সময় দিতে হবে গিলকে। একজন ব্যাটার হিসেবেও বেশ ভালো পারফর্ম করেছে গিল। এই প্রথম ওকে দেশের বাইরে এতটা ভালো খেলতে দেখলাম। প্রথমে হেডিংলিতে সেঞ্চুরি। তারপর বার্মিংহামের দুই ইনিংসে দুটো।” দাদা ভুয়সী প্রশংসা করলেও এবার দেখার বিষয় যে পরবর্তী টেস্টে নিজের দাপট ধরে রাখতে পারেন কিনা গিল। দল সিরিজে সমতা ফেরাতে পারে কিনা, সেটাই এখন দেখার।
