নিউজ ডেস্ক: “সহজেই রানটা তাড়া করতে পারত” সদ্য শেষ হওয়ার লর্ডস টেস্টের ফলাফল নিয়ে হতাশ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, যেভাবে এই সিরিজে এখনো পর্যন্ত ব্যাট করে চলেছে টিম ইন্ডিয়ার ব্যাটিং বিভাগ, তাতে এই রান তোলা সম্ভব ছিল। এখানেই শেষ নয়, মহারাজ এটাও দাবি করেন যে ভারতের কাছে সুযোগ ছিল সিরিজে ব্যবধান বাড়ানোর।
যেভাবে শুরু থেকে লর্ডস টেস্টে খেলেছিল ভারত, তাতে মনে করা হচ্ছিল যে দল সহজেই ম্যাচটি নিজেদের পকেটে পুড়বে। কিন্তু শেষ পর্যন্ত হয় তার উল্টো। ম্যাচ তো জিততে পারলোই না, উল্টে জেতা ম্যাচ হারলো তারা। ২২ রানে ম্যাচ নিজেদের নামে করে ইংল্যান্ড এবং সিরিজে এগিয়ে যায় ২-১ ফলাফলে। প্রথম থেকে লাগাতার উইকেট হারানোর পর আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা টেল এন্ডারদের নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি দল। অল্পের জন্য হাতছাড়া হয় ম্যাচ।
বাকিদের মতো ম্যাচের ফলাফল নিয়ে হতাশ টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি বলেন, “এখনো পর্যন্ত যেভাবে দল ব্যাট করেছে, তাতে ১৯০ রান সহজে তুলে নেওয়া উচিত ছিল। দলের ব্যাটিং শক্তিও বেশ ভালো। আমার চেয়েও বেশি ওরা হতাশ। মাত্র দুটি জুটির প্রয়োজন ছিল। বেশ ভালো ব্যাটিং করেছে জাদেজা, বুমরাহ ও সিরাজ। বাকিরাও যদি ওদের মতো একটু ধরে খেলতে পারত, তাহলে ম্যাচটা জিতে যেত ভারত।”
