নিউজ ডেস্ক: “ওর দলের পাশে দাঁড়ানো উচিত” টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে এমন মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মদন লাল। তিনি দাবি করেন যে তিনি চান কিং কোহলি অবসর ভেঙে দলে ফিরে আসুক। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান যে চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে না হলেও আগামী সিরিজে বিরাটের ফিরে আসা উচিত।
এই মুহূর্তে সকলের আলোচনার বিষয় হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট দল। সামান্য কয়েকটি রান তুলতে গিয়ে যেভাবে ম্যাচ হেরেছে তারা, তা হতাশ করিয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের থেকে শুরু করে প্রাক্তন তারকা, সকলকেই। ৮ থেকে ৮০ সকলেই মনে করেছিলেন যে ম্যাচ সহজেই ভারত নিজেদের নামে করতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করে ইংল্যান্ড। ২২ রানে ম্যাচ জেতে তারা এবং সিরিজে এগিয়ে যায় ২-১ ফলাফলে। বলা বাহুল্য, এই মুহূর্তে বেন স্টোকস ও তাঁর বাহিনীর আত্মবিশ্বাস তুঙ্গে পৌঁছে গিয়েছে।
এই পরিস্থিতিতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মদন লাল মনে করছেন যে অবসর ভেঙে ফিরে আসা উচিত বিরাট কোহলির। তিনি বলেন, “ক্রিকেটের প্রতি বিরাটের এক আলাদাই আবেগ রয়েছে। আমি চাই ও টেস্ট ক্রিকেটে ফিরে আসুক অবসর ভেঙে। ওর উচিত দলের পাশে দাঁড়ানো। এই সিরিজে না হোক, পরের সিরিজে ওর ফিরে আসা উচিত। ও ফিরে এলে দলের ভালো হবে। কিভাবে চাপের মুখে সফল হতে হয়, সেটা দলের সকল ক্রিকেটারই শিখতে পারবে।”
