দেবজিৎ মুখার্জি: বড় বিপদের মুখে ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলি। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট কাণ্ডে বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন মডার্ন ডে চেজ মাস্টার। কর্নাটকের শাসকদল কংগ্রেসের তরফ থেকে হাই কোর্টে যেই রিপোর্ট দেওয়া হয়েছে, তাতে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে তাঁর ও তাঁর ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। এক কথায় বলতে গেলে, ফ্র্যাঞ্চাইজির অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
আইপিএল ২০২৫ আরসিবি প্রথমবার জেতার পর দলের সমর্থকদের উদ্দেশ্যে বড় আয়োজনের কথা পরিকল্পনা করে ফ্র্যাঞ্চাইজি। প্রথমে ঠিক করা হয় রোড শো করা হবে। কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল করা হয় এবং ঠিক করা হয় যে হোম গ্রাউন্ড এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসব করা হবে। তখনই ঘটে সমস্যা। স্টেডিয়ামে অজস্র সমর্থক ঢুকতে যাওয়ায় লাঠিচার্জ করে পুলিশ এবং তাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অনেকের।
মামলার জল গড়ায় আদালত পর্যন্ত। হাই কোর্টে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। সেটি জনসম্মুখে আনে কোর্ট। তাতে বলা হয়েছে যে পুলিশের ইচ্ছা ছিল না তাদের অনুমতি দেওয়ার। কিন্তু ফ্র্যাঞ্চাইজি নিজের সিদ্ধান্ত থেকে অনড় ছিল বলে অনুমতি দিতে বাধ্য হয় পুলিশ। পাশাপাশি, আরসিবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে যেভাবে সমর্থকদের আমন্ত্রণ জানিয়েছে এবং অপরিকল্পিতভাবে সবকিছু আয়োজন করেছে, সেই কথা তুলে ধরা হয়। বিরাট কোহলির বিরুদ্ধেও একই অভিযোগ আসে। তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমর্থকদের আমন্ত্রণ জানিয়েছিলেন। এবার দেখার বিষয় যে এর জল কতদূর গড়ায়। কি হয় সকলের পরিণতি? এটাই এখন বড় প্রশ্ন।

