নিউজ ডেস্ক: লর্ডস টেস্টে যেভাবে পরাজিত হয়েছে ভারতীয় ক্রিকেট দল, তা এখনো ভুলতে পারেননি অনেকে। বলা ভালো, ম্যানচেস্টারে যদি শুভমান গিলরা জিততে পারেন, তাহলেই হয়তো সেই আঘাতে মলম লাগবে। সুতরাং এই মুহূর্তে দলের কাছে একটাই রাস্তা ঘুরে দাঁড়ানোর আর সেটা হল চতুর্থ টেস্টে জয়। ইতিমধ্যেই, দলের ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিয়েছেন জোরকদমে। সকলেই নিজেদের সেরাটা দিতে মরিয়া।
তবে এমন পরিস্থিতিতে দলের মধ্যে পরিকল্পনা চলছে তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থকে নিয়ে। তাঁর চোটের কথা মাথায় রেখে বিভিন্ন দিক ভেবে দেখা হচ্ছে। টিম ম্যানেজমেন্টের তরফ থেকে পরিকল্পনা চলছে এলএসজি অধিনায়ককে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলানোর এবং তাঁর পরিবর্তে স্টাম্পের পিছনে থাকবেন ধ্রুব জুড়েল। তবে সেক্ষেত্রে কোপ পড়তে পারে ব্যাটিং বা বোলিং বিভাগের মধ্যে একজনের উপর। নয় করুন নায়ারকে বসাতে হবে নয় ওয়াশিংটন সুন্দরকে। তবে সিরিজের ফলাফলের কথা মাথায় রেখে হয়তো করুন নায়ারকেই বসানো হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, লর্ডস টেস্টে উইকেট কিপিং করতে গিয়ে হাতে চোট পান ঋষভ পান্থ। তাঁর পরিবর্তে কিপিং করেন ধ্রুব জুড়েল। যদিও ব্যাট হাতে প্রথম ইনিংসে তিনি দারুণ খেলেছিলেন। ১১২ বলে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। অনেকে মনে করছেন যে পান্থ যদি আউট না হতেন, তাহলে হয়তো একটা ভালো লিড পেতো ভারত এবং হয়তো ম্যাচটাও জিততে পারতো। এবার দেখার বিষয় যে চতুর্থ টেস্টে পান্থ সেই খেলা দেখাতে পারেন কিনা। কি হয় শেষ পর্যন্ত? সেটাই এখন বড় প্রশ্ন।
