“দেশের ক্রিকেটকে শীর্ষে নিয়ে যাবে” গিলকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাজ্জির 

“দেশের ক্রিকেটকে শীর্ষে নিয়ে যাবে” গিলকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাজ্জির 

নিউজ ডেস্ক: হাতে মাত্র দুটো দিন। তারপরই ভারতীয় ক্রিকেট দলের কাছে বড় পরীক্ষা। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জিততে হলে ম্যানচেস্টারে চতুর্থ টেস্ট জিততেই হবে তাদের। এই মুহূর্তে সিরিজের ফলাফল ২-১। দুটি গেছে ইংল্যান্ডের ঝুলিতে আর একটি ভারতের। বলা ভালো, এই পর্যন্ত সিরিজ বেশ হাড্ডাহাড্ডি চলছে এবং ভারতকে টিকে থাকতে হলে এই ম্যাচে যেভাবে হোক পরাজয় এড়াতেই হবে। জয় পেলে সমতা ফেরাবে আর যদি ড্র হয়, সেক্ষেত্রে সিরিজ বাঁচানোর আরও একটি সুযোগ পাবেন শুভমান গিলরা। তবে ম্যাচ হারলেই সব শেষ। 

এমন পরিস্থিতিতে দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিলকে নিয়ে বড় বার্তা দিলেন প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিং। তিনি দাবি করেন যে গিল কখনোই সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলির মতো হতে পারবেন না। যদিও এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে জিটি অধিনায়ককে নিজের মতো করে সেরা হতে হবে। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে শুভমানের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট শীর্ষে পৌঁছাবে। 

ভাজ্জি বলেন, “সকলের নেতৃত্ব দেওয়ার পদ্ধতি আলাদা। গিল কখনোই সৌরভ, ধোনি বা কোহলি হতে পারবেন না। ওরা সকলেই নিজেদের জায়গায় সেরা। গিলকেও সেরা হতে হবে নিজের জায়গায়। ওর মধ্যে সেই ব্যাপারটা রয়েছে। আমি জোর গলায় এটা বলতে পারি যে গিল শুধু ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্বই দেবে না, ও দেশের ক্রিকেটকে শীর্ষে নিয়ে যাবে।” এবার দেখার বিষয় যে ভাজ্জি যা বললেন তা করে দেখাতে পারেন কিনা গিল। তবে এই মুহূর্তে সকলের নজর থাকবে ম্যানচেস্টার টেস্টের দিকে। বর্তমানে সেটাই টিম ইন্ডিয়ার আসল পরীক্ষা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *