বোলিং ডিপার্টমেন্ট নিয়ে চিন্তায় ভারত, খেলানো হবে কি বুমরাহকে?

বোলিং ডিপার্টমেন্ট নিয়ে চিন্তায় ভারত, খেলানো হবে কি বুমরাহকে?

নিউজ ডেস্ক: দোরগোড়ায় ম্যানচেস্টার টেস্ট। সিরিজে ঘুরে দাঁড়াতে হলে তা জেতা অত্যন্ত জরুরি শুভমান গিলদের। কিন্তু তার আগেই দলের উপর নেমে এসেছে চিন্তার কালো ছায়া। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে চিন্তায় ভারতীয় শিবির। এমনিতেই বুমরাহ সিরিজের সবকটি ম্যাচ খেলবেন না, তা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে যে আর্শদীপ সিংকে খেলাবে, সেটার সম্ভাবনাও এখন ক্ষীণ। হাত কেটে যাওয়ায় তিনি ঠিকমতো বোলিং করতে পারছেন না। আরো বড় সমস্যা আকাশ দীপের পিঠের চোট। যদিও সিএসকের তরুণ পেসার অংশুল কাম্বজকে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু তাতেও যে সমস্যার সমাধান হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

এমন পরিস্থিতিতে বুমরাহকেই খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সিরিজের ফলাফল ও বাকি ম্যাচগুলির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করছেন যে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দল তাতে বুমরাহকে খেলানোই বুদ্ধিমানের কাজ হবে। কারণ এই মুহূর্তে টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্টের প্রধান বলতে তিনি এবং ইংল্যান্ডের মাটিতে যদি তাদের ব্যাটিং বিভাগকে কেউ চাপে ফেলতে পারেন, তাহলে সেটা বুমরাহই।

এই প্রসঙ্গেই প্রশ্ন করা হয় টিম ইন্ডিয়ার অন্যতম তারকা পেসার মহাম্মদ সিরাজকে। সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “উনি তো খেলবেনই।” এরপরই তাঁকে প্রশ্ন করা হয় আকাশ দীপের চোট নিয়ে। তার উত্তরে তিনি বলেন, “ওর একটা সমস্যা আছে। বল করেছে ও আজ। এবার পুরোপুরি ফিজিওদের ব্যাপার। ওনারা যা বলবেন সেটাই হবে। কম্বিনেশন বদলালেও পরিকল্পনা একই থাকবে। আমাদের বোলারদের বল করতে হবে ঠিক জায়গায়।” এমন পরিস্থিতিতে যদিও ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে কুলদীপ যাদবকেও খেলানোর কথা ভাবা হতে পারে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। এক্ষেত্রে দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *