নিউজ ডেস্ক: ম্যানচেস্টারের মাঠে দ্বিতীয় দিনের খেলায় যেটা ভাবা যায়নি সেটাই হলো। ফ্র্যাকচার ফুট নিয়ে খেলতে নামেন ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ। নেমে যা করেন, তাতে পুরো তাক লাগিয়ে দিয়েছেন তিনি গোটা ক্রিকেট বিশ্বে। ওই অবস্থায় তিনি অর্ধশতরানের ইনিংস খেলেন, যা অনেকেই কল্পনা করতে পারেননি। তবে দিনের শেষে সকলেই বেশ আনন্দ পেয়েছেন তাঁর ব্যাটিং দেখে।
ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে ৩৭ রানে ব্যাটিং চলাকালীন পায়ের পাতায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় ঋষভ পান্থকে। এরপরই চিন্তায় পড়েন তাঁর সতীর্থ থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী সকলেই। সবার মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে যে আদৌ তাঁকে ব্যাট করতে দেখা যাবে কিনা। শুধু তাই নয়, অনেকে এটাও ভাবতে শুরু করেন যে এমনটা হলে পরের ম্যাচে কি হবে এবং কে তাঁর জায়গাটা নেবেন।
তবে দ্বিতীয় দিন পান্থ রীতিমতো চমকে দেয় গোটা ক্রিকেট বিশ্বকে। ফ্র্যাকচার ফুট নিয়ে ব্যাট করতে নামেন তিনি এবং করেন অর্ধশতরান। তা দেখে মুগ্ধ হয়েছেন ৮ থেকে ৮০ সকলেই। এমনকি কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকার পর্যন্ত আনন্দ পেয়েছেন এমন ইনিংস দেখে। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি এই ব্যাপারে পোস্ট করেছেন। তিনি লেখেন, “ব্যথার মধ্যে খেলে উঠে আসাই হল স্থিতিস্থাপকতা। এই জিনিস খেলে দুর্দান্ত চরিত্র দেখিয়েছে পান্থ। এই পঞ্চাশ রানের ইনিংসটি একটি সাহসী প্রচেষ্টা এবং তা লোকে চিরকাল মনে রাখবেন। তুমি অসাধারণ খেলেছো ঋষভ।”
