নিউজ ডেস্ক: এক অসাধারণ কীর্তি করে দেখালেন অস্ট্রেলিয়ার তরুণ টি-টোয়েন্টি তারকা টিম ডেভিড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৭ বলে তিনি হাকালেন শতরান এবং ম্যাচ জেতান অস্ট্রেলিয়াকে। এই জয়ের সুবাদে দুই ম্যাচ বাকি থাকতেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। এই মুহূর্তে সিরিজের ফলাফল ৩-০। যেভাবে এক কঠিন পরিস্থিতি থেকে টিম নিজের দলকে জয় পাইয়ে দিয়েছেন, তার জন্য তাঁকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়।
ওয়ার্নার পার্কে শনিবার টসে জিতে প্রথমে উইন্ডিজদের ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুটা বেশ ভালো হয় আয়োজকদের। বড় পার্টনারশিপ গড়েন দুই ওপেনার ব্রেন্ডন কিং এবং শেহ হোপ। শতরান করেন হোপ। তিনি করেন ১০২ এবং কিং করেন ৬২। দুজনের বড় ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাড়ায় ৪ উইকেটে ২১৪।
জবাবে রান তাড়া করতে নেমে দ্রুত গতিতে রান করা শুরু করেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি আউট হওয়ার পর একইভাবে ঝড়ের গতিতে রান করে আউট হন ইংলিস। তবে ব্যাট হাতে একেবারেই দাগ কাটতে পারেনি মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন। এরপর মিচেল ওয়েনকে নিয়ে দলকে ফিনিস লাইন পার করান টিম ডেভিড। তিনি অপরাজিত থাকেন ৩৭ বলে ১০২ রান করে, যার মধ্যে ছিল ৬টি চার এবং ১১টি ছয়। তিনিই হন ম্যাচের সেরা। তাঁর ব্যাটিং দেখে বেশ মুগ্ধ হয়েছেন অজি ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে স্টেডিয়ামে উপস্থিত দর্শক, সকলেই।
