নিউজ ডেস্ক: ফের আন্তর্জাতিক স্তরে মুখ উজ্জ্বল হল ভারতের। সোমবার ১৯ বছর বয়সে রেকর্ড গড়লেন দিব্যা দেশমুখ। জিতে নিলেন মহিলাদের দাবা বিশ্বকাপ। ফাইনালে তিনি পরাজিত করলেন ভারতেরই এক প্রতিদ্বন্দ্বীকে। তিনি কনেরু হাম্পি। এই জয় আসে টাইব্রেকারে ২.৫-১.৫ স্কোরে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। জানাজানি হতেই বন্যা বয়ে অভিনন্দনের। সকলেই প্রশংসা করেছেন তাঁর।
তবে এই জয় পেয়েই এমন একটা ঘটনা ঘটে যা দেখে মুগ্ধ হয় গোটা বিশ্ব। নিজের আবেগ ধরে রাখতে পারেননি দিব্যা। আনন্দে তাঁর চোখ থেকে জল বেরিয়ে আসে এবং তিনি জড়িয়ে ধরেন তাঁর মাকে। চোখের নিমেষেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। এরপরই সকলে কমেন্ট করে নিজেদের মতামত জানানো শুরু করেন।
আন্তর্জাতিক চেস ফেডারেশনের তরফ থেকেও এই মুহূর্তটি ভাইরাল করা হয় এক্স হ্যান্ডেলে। সেখানেও অন্যান্য সমাজমাধ্যমের মতো দেখা যায় অভিনন্দনের বন্যা। অধিকাংশই প্রশংসা করেন এবং দাবি করেন যে আগামী দিনে আরও বড় জায়গায় যাবেন দিব্যা। শুধু তাই নয়, অনেকে এটাও দাবি করেন যে ভবিষ্যতে জনপ্রিয় দাবারুর মধ্যে একজন হয়ে উঠবেন তিনি। এক কথায় বলতে গেলে, এখন সকলের মুখেই চলছে শুধু দিব্যার নাম।

