অসাধারণ জয় দিয়ে ডুরান্ড কাপ শুরু বাগানের

অসাধারণ জয় দিয়ে ডুরান্ড কাপ শুরু বাগানের

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সল্টলেকে স্টেডিয়ামে এক আলাদা উন্মাদনা দেখা গেল মোহনবাগানের সমর্থকদের মধ্যে। যেভাবে ১০ জন ফুটবলার নিয়ে অসাধারণ এক ফুটবল তুলে ধরা হয়েছে দলের তরফ থেকে, তা মন জয় করেছে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের। শুধু স্টেডিয়ামে উপস্থিত দর্শক নয়, মন জিতে নিয়েছে দেশের সকল ফুটবলপ্রেমীর। ডুরান্ড কাপ অভিযান দুর্দান্তভাবে শুরু করল তারা। মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা মিনি ডার্বি জিতল ৩-১। সৌজন্যে লিস্টন কোলাসোর জোড়া গোল এবং সুহেলের ধাক্কা কাটিয়ে লিড দেওয়া। 

বৃহস্পতিবার ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে নামে মোহনবাগান। পাসিং ফুটবলের মাধ্যমে তারা লাগাতার প্রবেশ করতে শুরু করে মহামেডানের গোল পোস্ট পর্যন্ত। যদিও প্রথম কয়েকটি মিনিট তাদের জালে বল জড়াতে সফল হয়নি তারা। কিন্তু ২২ মিনিটের মাথায় লিস্টনের ডিরেক্ট ফ্রি কিকে গোল পায় সবুজ-মেরুন শিবির এবং এগিয়ে যায় তারা। কিন্তু প্রথমার্ধেই লাল কার্ড দেখে মাঠের বাইরে বেরোতে হয় আপুইয়াকে। প্রথমার্ধ ১-০ গোলে শেষ করে মোহনবাগান।

দ্বিতীয়ার্ধে বোঝাই যাচ্ছিল যে মহামেডান আক্রমণের ঝাঁজ বাড়াবে মোহনবাগানের একজন কম ফুটবলার দেখে। ঠিক সেটাই করে তারা এবং দ্রুত ম্যাচে সমতা ফেরায়। গোল করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন অ্যাশলে। তবে এরপর যা ঘটে তা হয়তো অনেকেই কল্পনা করতে পারেননি। এক আলাদা ফুটবল তুলে ধরে মোহনবাগান। মহামেডানকে সুযোগই দেয়নি তারা গোল করার। বরং দ্রুত ধাক্কা কাটিয়ে উঠে দলকে ফের লিড দেন সুহেল ভাট। অবশেষে তৃতীয় গোলটি আসে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করে দেন লিষ্টন। এরপর ফিরে আসার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় মহামেডানের এবং হাসিমুখে মাঠ ছাড়েন মোহনবাগানের ফুটবলাররা ৩-১ ফলাফলে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *