নিউজ ডেস্ক: জমে উঠেছে ওভাল টেস্ট। সামান্য রানে ভারত অলআউট হলেও খুব বেশি লাভ করতে সফল হয়নি ইংল্যান্ড। তারাও অল্প রানের লিড নিয়েছে। বিস্তারিতভাবে বলতে গেলে মাত্র ২৩ রানের লিড নিয়েছে তারা। ভারতের করা ২২৪ রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৪৭ রানে। দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৭৫। অর্থাৎ তারা এগিয়ে ৫২ রানে। এমন একটি পর্যায়ে আছে ম্যাচ যেখান থেকে যে কেউ জিততে পারে।
শুক্রবার দ্বিতীয় দিনের খেলায় ৬ উইকেটে ২০৪ রান নিয়ে খেলতে নামে ভারত। তবে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি তারা। তাদের ইনিংস গুটিয়ে যায় ২২৪ রানে। ইনিংস শেষে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন করুন নায়ার। তিনি করেন ৫৭। ইংল্যান্ডের বোলারদের মধ্যে পাঁচটি উইকেট তোলেন গাস অ্যাটকিন্সন। বলা ভালো, তিনি দ্রুত উইকেট তুলে ভারতকে বড় রান করা থেকে আটকে দেন।
জবাবে লিড নিতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো হলেও তারপর নাম ধস। একেক করে উইকেট পড়তে শুরু করে এবং গোটা দল অলআউট হয়ে যায় ২৪৭ রানে। ৪টি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন মহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই পর্যন্ত ভারতের স্কোর দুই উইকেটে ৭৫। আপাতত তারা এগিয়ে ৫২ রানে। অর্ধশতরান করে ফেলেছেন দলের তরুণ ওপেনার যশস্বী জয়েসওয়াল। এবার দেখার বিষয় তৃতীয় দিনে কি রূপ নেয় ম্যাচ।
