নিউজ ডেস্ক: এই মুহূর্তে বেশ ভালই জমে উঠেছে ওভাল টেস্ট। যেখানে দাঁড়িয়ে রয়েছে ম্যাচ, তাতে জেতার সম্ভাবনা রয়েছে ভারত ও ইংল্যান্ড, দুজনেরই। ইংল্যান্ডকে জিততে হলে করতে হবে আরো ৩২৪ রান এবং হাতে রয়েছে ৯টি উইকেট। অন্যদিকে, ভারতকে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলতে হলে ইংল্যান্ডকে দ্রুত অলআউট করতে হবে। এক কথায় বলতে গেলে, ক্লোজ এনকাউন্টার চলছে।
তবে তৃতীয় দিনের খেলায় ছিল এক দারুন চমক। মাঠে হঠাৎ এসে উপস্থিত হন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন টেস্ট অধিনায়ক হিটম্যান, ওরফে রোহিত শর্মা। তিনি ক্যামেরায় ধরা পড়তে দর্শকদের উন্মাদনা একেবারে তুঙ্গে পৌঁছে যায়। শুধু তাই নয়, তৃতীয় দিনে ভক্তদের বাধা অতিক্রম করে তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন। তাঁকে দেখতে পেয়েই শুরু হয় সেলফি ও অটোগ্রাফের অনুরোধ।
উল্লেখ্য, কয়েকদিন আগে টেস্ট ক্রিকেট থেকে চিরকালের জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন রোহিত শর্মা। তার কিছুদিন পরে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেন বিরাট কোহলি। দুই তারকার হঠাৎ করে একসাথে সরে যাওয়া জন্ম দিয়েছিল একাধিক প্রশ্নের। অনেকে এখনো মনে করেন যে দুজনে অবসর নিতে চাননি, বরং বাধ্য করা হয়েছিল তাঁদের এই সিদ্ধান্ত নিতে।
