নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ওভাল টেস্ট অবশেষে নিজেদের নামে করে নিতে সফল হল টিম ইন্ডিয়া। ম্যাচের অন্তিম দিনে দলের পেস বিভাগের সামনে রীতিমতো মাথানত করতে বাধ্য হন ইংল্যান্ডের ব্যাটাররা। বলা ভালো, শুরু থেকেই বেশ নড়বড়ে দেখাচ্ছিলো তাদের। বিশেষ করে সিরাজের বল খেলতে একেবারে হিমশিম খেয়েছে তারা। অন্যদিক থেকে চাপে রেখেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণাও।
এদিন ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে খেলতে নেমে মাত্র ২৮ রান যোগ করতে পারে ইংল্যান্ড। ১৫ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান দুই জ্যামি। জশ টাংও দ্রুত আউট হন। এরপর চোট নিয়েও ব্যাট করতে নামেন ক্রিস ওক্স। গাস অ্যাটকিন্সন আপ্রাণ চেষ্টা করেন ক্রিজ আঁকড়ে পড়ে থাকার। কিন্তু শেষ পর্যন্ত তিনি সফল হননি। সিরাজ ও কৃষ্ণার দাপটে ইংল্যান্ডের জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। ৩৬৭ রানে অলআউট হয়ে যায় তারা। অর্থাৎ ৬ রানে ম্যাচ জেতে ভারত। সিরিজ ড্র হয় ২-২ ফলাফলে। ফাইফার নেন সিরাজ।
ম্যাচের সেরা ঘোষণা করা হয় মহাম্মদ সিরাজকে। অন্যদিকে সিরিজের সেরা হন শুভমান গিল ও হ্যারি ব্রুক। ভারত ম্যাচ জেতার পর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে ভরে যায় এই সংক্রান্ত পোস্ট। সকলেই দলকে অভিনন্দন জানান। পাশাপাশি, প্রশংসা করেন বোলিং বিভাগের। অধিকাংশরই বক্তব্য, যেভাবে মাথা ঠান্ডা রেখে বোলিং বিভাগ পারফর্ম করেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। এবার দেখার বিষয় এই সিরিজ থেকে কি শিক্ষা নেয় দল। পরবর্তী সিরিজগুলিতে কাজে লাগাতে পারে কিনা, তা বলবে সময়।
