নিউজ ডেস্ক: এক রুদ্ধশ্বাস ফাইনালের সাক্ষী হলেন সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে উপস্থিত দর্শকরা। এক হাড্ডাহাড্ডি টি২০ ম্যাচ ১৩ রানে জিতে নিল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজের ফাইনাল ম্যাচ সামান্য ব্যবধানে জিতে সিরিজ নিজেদের পকেটে তুললো পাকিস্তান ২-১ ফলাফলে। সৌজন্যে দলের দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের দুর্দান্ত ব্যাটিং এবং বল হাতে হ্যারিস রাউফ ও সুফিয়ান মুকিমের বিধ্বংসী বোলিং।
তৃতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৮৯। সর্বোচ্চ ৭৪ রান করেন সাহিবজাদা ফারহান। অন্যদিকে সাইম আইয়ুবের সংগ্রহ ৬৬। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন হোল্ডার, চেজ ও জোসেফ। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন দলের উইকেটরক্ষক ব্যাটার মহাম্মদ হ্যারিস।
জবাবে রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজেরও শুরুটা মোটামুটি ভালই হয়। কিন্তু মাঝের ওভারগুলিতে উইকেট পড়তে থাকায় রান করার গতি কমে যায়, যার ফলে শেষের ওভারগুলিতে তাদের চাপে পড়তে হয়। মাত্র ১৩ রানের জন্য ম্যাচ হাতছাড়া হয় তাদের। সর্বোচ্চ ৬০ রান করেন অ্যালেক অ্যাথেনিজ। এছাড়া শার্ফেন রুদারফোর্ড করেন ৫১। পাকিস্তানের বোলারদের মধ্যে একটি করে উইকেট তোলেন আলি, নাওয়াজ, রাউফ, আইয়ুব এবং মুকিম। ম্যাচের সেরা ঘোষণা করা হয় সাহিবজাদা ফারহানকে। সিরিজের সেরা হন মহাম্মদ নাওয়াজ।
