নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটকে চিরবিদায় জানান ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনের হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত চমকে দিয়েছিল বিশ্ব ক্রিকেটকে। বিস্তারিতভাবে বলতে গেলে, দুজনের অবসর হতাশ করিয়েছিল তাঁদের সমর্থকদের। অনেকেই তখন মনে করতেন যে দুজনেরই ইচ্ছে ছিল না অবসর নেওয়ার, বরং তাঁদের বাধ্য করা হয় সরে দাঁড়াতে। বলতে গেলে, এখনো অনেকে সেটাই মনে করেন।
সিরিজ শুরুর আগে অনেকেই ভেবেছিলেন যে বিরাট আর রোহিত ছাড়া দলের অবস্থা বেশ খারাপ হবে। বিশেষ করে যেভাবে প্রথম টেস্ট হারে ভারত, তাতে অনেকেই ভেবেছিলেন যে দুজনের অবসর ভেঙে ফিরে আসা দরকার। কিন্তু এরপর ভালো কামব্যাক করে দল। জয় পায় দ্বিতীয় টেস্টে। তৃতীয় টেস্ট হারার পর চতুর্থ টেস্ট ড্র করে এবং ওভালে অন্তিম টেস্ট দারুনভাবে জেতে। সিরিজ ড্র করার পর দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে পৌঁছে গেছে। এক কথায় বলতে গেলে, পরবর্তী সিরিজে জয় নিয়ে আশাবাদী শুভমান গিল ও তাঁর বাহিনী।
এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের তরফ থেকে পরিকল্পনা চলছে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের আগে নতুন করে দল গোছানোর। কারণ ততদিনে রোহিত ও বিরাটের বয়স ৪০এর কাছাকাছি হয়ে যাবে। এক বোর্ড সূত্র মারফত জানা গিয়েছে যে দুজনের সঙ্গে আলোচনায় বসা হবে এবং জানা হবে দুজনে মানসিক ও শারীরিক দিক দিয়ে কতটা তৈরি। শুধু তাই নয়, আরো জানা যাচ্ছে যে ওয়ানডে চক্রের আগে সবকিছু পেশাদারভাবে আলোচনা করতে চাইছে বোর্ড রোকোর সঙ্গে এবং তার উপরই নির্ভর করছে সবকিছু। এমন অবস্থায় মনে করা হচ্ছে যে শুভমান গিলকেই দায়িত্ব দেওয়া হতে পারে দল সামলানোর। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।
