দেবজিৎ মুখার্জি: ওভাল টেস্টের ৪ দিন কেটে গেলেও এখনো নেশা কাটেনি ক্রিকেটপ্রেমীদের। যেভাবে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে, তার প্রশংসা করেছে গোটা বিশ্ব। বলতে গেলে, এই সিরিজ যে চিরস্মরণীয় হয়ে থাকবে, তা না বললেও চলে। অন্তিম টেস্টে পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে এনেছে ভারত। পঞ্চম দিনে যেভাবে ভারতীয় বোলাররা দাপট দেখিয়েছেন, তার ফলেই জয় সম্ভব হয়েছে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
তবে সিরিজ শুরুর আগে প্রশ্ন উঠেছিল শুভমান গিলের নেতৃত্ব ও ব্যাটিং প্রসঙ্গে। অনেকেই মনে করছিলেন যে ভারত হয়তো গিলের নেতৃত্বে জিততে পারবে না। শুধু তাই নয়, অনেকে এটাও মনে করছিলেন যে ব্যাট হাতে গিল ইংল্যান্ডের মাটিতে তেমন দাগ কাটতে পারবেন না। কিন্তু শেষ পর্যন্ত তিনি রীতিমতো তাক লাগিয়ে দেন। তাবড় তাবড় ক্রিকেটারদের রেকর্ড ভাঙেন তিনি। এক কথায় বলতে গেলে, নিন্দুক ও সমালোচকদের মুখ একেবারে বন্ধ করে দেন। সমস্ত উত্তর দেয় তাঁর ব্যাট।
এবার এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে গিলের প্রশংসা করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার পার্থিব প্যাটেল। ‘ফলো দা ব্লুজ’, ‘দ্যা জিওস্টার এক্সপার্ট’এ তিনি বলেন, “অনেক প্রশ্নই উঠেছিল গিলকে নিয়ে। কিন্তু যেই উত্তরগুলি ও দিয়েছে, সেটা একবার দেখুন। সিরিজে যখন যখন ও চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছে বা প্রশ্নের মুখে পড়েছে, তখন তখন ওর ব্যাট যোগ্য জবাব দিয়েছে।” এক্ষেত্রে দেখার বিষয় যে আগামী সিরিজগুলিতে একইভাবে পারফর্ম করতে পারেন কিনা গিল।

