দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফুটবলের মাঠে এই মুহূর্তে চরম দাপট চালিয়ে বেড়াচ্ছে মোহনবাগান। বলা ভালো, একেবারে ছড়ি ঘোরাচ্ছেন অন্যান্য দলগুলির উপর। গত আইএসএল গেছে তাদের ঝুলিতে। এবার চলতি ডুরান্ড কাপেও তাদের আক্রমণাত্মক ফুটবল অব্যাহত রয়েছে। এই পর্যন্ত তারা যেই খেলা দেখিয়েছে, তার প্রশংসা করেছে সকলে। রীতিমতো বিধ্বংসী ফুটবলের মাধ্যমে তারা গুঁড়িয়ে দিচ্ছে বিপক্ষ দলগুলিকে।
এরই মাঝে সুখবর এলো বসু পরিবারে। বাবা হলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। কন্যা সন্তানের বাবা-মা হলেন শুভাশিস ও কস্তুরী। শনিবার রাতে পৃথিবীর আলো দেখেন তাঁদের সন্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত ভালো আছেন মা ও সন্তান। এই খবর জানাজানি হতেই চারিদিক থেকে আসতে শুরু করে শুভেচ্ছার বন্যা। শুধু দলের সমর্থকরাই নন, অভিনন্দন জানান অন্যান্য দলের সমর্থকরাও।
প্রসঙ্গত, ২০২১ সালে বিবাহিত জীবন শুরু হয় শুভাশিস বসু ও কস্তুরী ছেত্রীর। আইএসএল ফাইনাল জেতার পরই মোহনবাগান অধিনায়ক ঘোষণা করেছিলেন যে তাঁদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। তারপর থেকেই অপেক্ষায় ছিলেন তাঁর ভক্তরা। শুধু তাই নয়, সাধের পাশাপাশি হয় ফটোশুটও। অবশেষে সেই দিনটি আসে। এখন খুশির হাওয়া বইছে গোটা বসু পরিবারে।
