দেবজিৎ মুখার্জি, কলকাতা: চলতি ডুরান্ড কাপে বেশ দারুন ছন্দেই রয়েছে লাল-হলুদ শিবির, ওরফে ইস্টবেঙ্গল। প্রশ্ন ছিল নিয়মরক্ষার ম্যাচেও তারা সেই দাপট ধরে রাখতে পারবে কিনা। অবশেষে সেটাতেও তারা সফল হয়। ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে তারা জয় পায় বড় ব্যবধানে। ম্যাচের ফলাফল ৬-১। রীতিমতো গোলের বন্যা বয়ে রবিবারের ম্যাচে। একেবারে নড়বড়ে দেখায় ইন্ডিয়ান এয়ারফোর্সের রক্ষণভাগকে।
নিয়মরক্ষার ম্যাচ খেলা হয় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে নামে ইস্টবেঙ্গল। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করে তারা। প্রথমার্ধে তাদের প্রথম গোলটি আসে আহদাদের মাধ্যমে এবং দ্বিতীয় গোলটি করেন বিপিন। তবে শেষের দিকে খাতা খুলতে সফল হয় ইন্ডিয়ান এয়ারফোর্স। ৩৭ মিনিটের মাথায় গোল করেন আমান খান। প্রথমার্ধ শেষ হয় ২-১ ফলাফলে।
তবে দ্বিতীয়ার্ধে গোলের পর গোল করতে থাকে ইস্টবেঙ্গল। আবারো তারা অ্যাটাকিং ফুটবল দিয়ে শুরু করে। ৬৪ মিনিটে দলের তৃতীয় গোলটি আসে আনোয়ার আলীর মাধ্যমে। ৬৯ মিনিটে গোল করেন রাশিদ। ৮৫ মিনিটে আসে তাদের পঞ্চম গোল। এবারের গোলদাতা সাউল। শেষ গোলটি আসে একেবারে অন্তিম লগ্নে। ৯১ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন ডেভিড। এক কথায় বলতে গেলে, ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে রীতিমতো ছেলেখেলা করে তারা এবং হাসিমুখে মাঠ ছাড়ে লাল-হলুদ বাহিনী।

