দেবজিৎ মুখার্জি: ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়ে গেলেও এখনো তা আলোচনার বিষয় রয়ে গেছে। তার একমাত্র কারণ সিরিজের অন্তিম টেস্ট। নাটকীয়ভাবে যেভাবে ভারত ম্যাচটি জিতেছে, তা যে ক্রিকেটপ্রেমীরা চিরকাল মনে রাখবেন, তা না বললেও চলে। যেভাবে বোলারদের দাপটে শেষ দিনে ম্যাচ নিজেদের ঝু্লিতে তুলেছে টিম ইন্ডিয়া, তার প্রশংসা কুড়িয়েছে সকলের।
কিন্তু এই সিরিজে যেভাবে চোট নিয়ে ঋষভ পান্থ ও ক্রিস ওক্স ব্যাট করতে নেমেছিলেন, তা দৃষ্টি আকর্ষণ করেছিল স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে দুই দেশের ক্রিকেটপ্রেমী, সকলকেই। যেই সাহস দুই ক্রিকেটারের তরফ থেকে দেখানো হয়েছে, তা গোটা ক্রিকেট বিশ্ব থেকে প্রশংসা কুড়িয়েছে। সকলেই দুজনের সাহসকে কুর্নিশ জানিয়েছেন। যদিও ওক্সকে একটিও বল খেলতে হয়নি। তবে পান্থকে বল খেলতে হয়েছিল এবং তিনি অর্ধশতরানের ইনিংসও খেলেছিলেন।
এই পরিস্থিতিতে আগামী টেস্ট মরশুম থেকে ক্রিকেট বোর্ডের তরফ থেকে ডোমেস্টিক ক্রিকেটে চালু করা হবে সিরিয়াস ইনজুরি রিপ্লেসমেন্ট (এসআইআর), যেখানে কোন ক্রিকেটার গুরুতর আঘাত পেলে তাঁর পরিবর্ত নামানো যাবে, যিনি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিনটেই করবেন। তবে এর জন্য কটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, ম্যাচ রেফারি যদি মনে করেন যে আঘাত অত্যন্ত গুরুতর, তাহলেই এটা করা যাবে। দ্বিতীয়ত, চোট ম্যাচ চলাকালীন লাগলে তবেই এর অনুমতি দেওয়া যাবে। অনুশীলনের সময় চোট পেলে দেওয়া হবে না। যদিও সাদা বলে ক্রিকেটে এই নিয়ম এখনো চালু করার কথা ভাবা হয়নি বিসিসিআইয়ের তরফ থেকে।
