দেবজিৎ মুখার্জি, কলকাতা: চলতি ডুরান্ড কাপের ডার্বি কোয়ার্টার ফাইনালে জয় পেল ইস্টবেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে তারা পরাজিত করল ২-১ গোলে। সৌজন্যে ডায়ামেন্টেকসের জোড়া গোল। মোহনবাগানের কাছেও একাধিক সুযোগ আসে গোল করে সমতা ফেরানোর। কিন্তু তারা তা করে উঠতে পারেনি। অনিরুদ্ধ থাপা গোল করলেও তা শেষ পর্যন্ত এলোনা কাজে। একাধিক সুযোগ নষ্ট করার ফলেই ম্যাচ হাতছাড়া হয় সবুজ-মেরুন শিবিরের।
রবিবার এই গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলা হয় সল্টলেক স্টেডিয়ামে। শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দু’পক্ষ একে অপরকে। অবশেষে ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন দিমিত্রি ডায়ামেন্টেকস। যদিও মোহনবাগানের কাছে সুযোগ আসে গোল করে সমতা ফেরানোর। কিন্তু তারা ইস্টবেঙ্গলের জালে বল জড়াতে সফল হয়নি। অবশেষে প্রথমার্ধ শেষ হয় ০-১ ফলাফলে।
দ্বিতীয়ার্ধেও একই চিত্র ধরা পড়ে। সুযোগ কাজে লাগিয়ে ৫২ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় লাল-হলুদ শিবির। এবারও গোল হাঁকান ডায়ামেন্টেকস। এরপর আক্রমনের ঝাঁজ বাড়ায় মোহনবাগান। অবশেষে ৬৮ মিনিটে গোল করে দলের খাতা খোলার পাশাপাশি ব্যবধান কমান অনিরুদ্ধ থাপা। তবে এরপর ফের শুরু হয় মিস করা। অবশেষে ২-১ ফলাফলের ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে ইস্টবেঙ্গল। ক্লাবের সমর্থকরা আনন্দে ফেটে পড়েন।

