দেবজিৎ মুখার্জি: অবশেষে ঘোষণা করে দেওয়া হল ভারতীয় ক্রিকেট দল আসন্ন এশিয়া কাপের জন্য। নেতৃত্বের দায়িত্ব সেই সূর্যকুমার যাদবের কাঁধেই রইল। ইংল্যান্ডের মাটিতে ধারাবাহিকতা দেখানোর জন্য দলে জায়গা করে নিলেন শুভমান গিল। তাঁকে দেখা যাবে সহ-অধিনায়কের ভূমিকায়। এছাড়া দলে রয়েছেন অভিষেক শর্মা, তিলক ভার্মা ও রিঙ্কু সিংদের মতো হিটাররা। এক কথায় বলতে গেলে, তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার মিলিয়ে দল বানানো হয়।
তবে ভাগ্য সাথ দিলো না পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও রাজস্থান রয়েলসের যশস্বী জয়েসওয়ালের। দুজনে ভালো পারফর্ম করা সত্ত্বেও এশিয়া কাপ দলের জায়গা করে নিতে পারেননি। অনেকেই ভেবেছিলেন যে দুই তারকা হয়তো সুযোগ পাবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এই সিদ্ধান্তে যে অনেকেই চমকে গিয়েছেন, তা না বললেও চলে।
অজিত আগারকারকে এই বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, “যশস্বী জয়েসওয়ালের ব্যাপারটা দুর্ভাগ্যজনক। তবে অভিষেক শর্মা কি মাপের ক্রিকেটার বা কেমন খেলে, তা আমরা দেখেছি। পাশাপাশি, ও বলও করতে পারে, যা অনেক সাহায্য করে অধিনায়ককে। শ্রেয়াস আইয়ারকে নিয়েও একই কথা বলবো যে ওর দোষ নেই এই বাদ পড়ায়। কিন্তু আমরা খেলাতে পারবো মাত্র ১৫ জনকে।” এবার দেখার বিষয় যে এই দল নিয়ে এশিয়া কাপ জেতে কিনা ভারত।

