দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের মাটিতে ভালো পারফর্ম করার ফল পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। রোহিত শর্মা ও বিরাট কোহলিদের মতো তারকা ক্রিকেটারদের অনুপস্থিতিতে তিনি দলের দায়িত্ব নিজের কাঁধে নেন এবং সিরিজ পরাজয়ের মুখ থেকে ড্র করান। পাশাপাশি, ব্যাট হাতেও দেখা গিয়েছে অসাধারণ পারফরমেন্স। এই সবকিছু ফলে তিনি জায়গা করে নিতে পেরেছেন আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় দলে। শুধু তাই নয়, তাঁকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে যদিও জাতীয় নির্বাচক প্রধান অজিত আগারকার নিজের অবস্থান জানিয়েছেন। কি কারনে গিলতে দলে জায়গা দেওয়ার পাশাপাশি এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ব্যাপারে নিজের বক্তব্য রেখেছেন তিনি। পাশাপাশি, এটাও বুঝিয়ে দেন যে দলের টপ অর্ডার কতটা শক্তিশালী। তাঁর বক্তব্য, শুভমান গিল দলে আসায় টিম ইন্ডিয়া অজস্র বিকল্প পেয়ে গেছে টপ অর্ডারে।
এবার গিলকে নিয়ে বড় দাবি করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা মহাম্মদ কাইফ। কি বললেন তিনি? নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন তারকা বলেন, “গত তিন বছরে গিল ২০০০ রান করেছে। ও ভবিষ্যতের ক্যাপ্টেন। টেস্ট ক্রিকেটে ও অধিনায়ক এবং টি-২০তে ও সহ-অধিনায়ক। রোহিত ওডিআই ক্যাপ্টেন। ওর প্রায় ৩৮ বছর বয়স। আমি মনে করি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের পর ও অবসর ঘোষণা করবে। ওর চলে যাওয়ার পর গিল অধিনায়ক হবে।”
