স্বপ্ন ভেঙে চুরমার ইস্টবেঙ্গলের, ডুরান্ড ফাইনালে ডায়মন্ড হারবার

স্বপ্ন ভেঙে চুরমার ইস্টবেঙ্গলের, ডুরান্ড ফাইনালে ডায়মন্ড হারবার

দেবজিৎ মুখার্জি, কলকাতা: অবশেষে স্বপ্নপূরণ হলো না লাল-হলুদ শিবিরের। চলতি ডুরান্ড জয়ের আশা শেষ ইস্টবেঙ্গলের। সেমিফাইনালে তাদের পরাজিত করল ডায়মন্ড হারবার। ম্যাচের ফলাফল ২-১। পিছিয়ে পড়ে সমতা ফিরিয়েও সেই মোমেন্টাম কাজে লাগাতে সফল হল না ইস্টবেঙ্গল। একেবারে অন্তিম লগ্নে গোল করে ডায়মন্ড হারবারের জবি জাস্টিন এবং সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় ইস্টবেঙ্গলের।

ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দু’পক্ষের কাছেই সুযোগ আসে গোল করার কিন্তু তারা একে অপরের জালে ফল জড়াতে সফল হয়নি। দ্বিতীয়ার্ধে পাল্টে যায় খেলার চিত্র। ৬৬ মিনিটে সুযোগ কাজে লাগান মিকেল কোর্তাজ়ার এবং গোল করে এগিয়ে দেন ডায়মন্ড হারবারকে। তবে কামব্যাক করতে বেশি সময় নেয়নি ইস্টবেঙ্গল। তার মিনিট দুয়েকের মধ্যেই আনোয়ার আলির গোলে ঘুরে দাঁড়ায় লাল-হলুদ শিবির। 

অবশেষে ৮৩ মিনিটে গোল করে ফের ম্যাচের হাল পাল্টে দেন ডায়মন্ড হারবারের জবি জাস্টিন। এরপর আপ্রাণ চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারেনি ইস্টবেঙ্গল এবং ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় ডায়মন্ড হারবার। এরপরই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে বহু ফুটবলপ্রেমীরা অভিনন্দন জানান ডায়মন্ড হারবারকে। এবার দেখার বিষয় ফাইনালে তারা একই কামাল দেখাতে পারে কিনা।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *