দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফুটবল আর বাঙালি, এটি এক আলাদা ভালোবাসা। এই খেলাটি বাঙ্গালীদের শুধু ভালোবাসাই নয়, বরং আবেগ। বাংলার ফুটবল মানেই মোহনবাগান ও ইস্টবেঙ্গল। দুই দলের খেলা হলেই এক আলাদা চেহারা নেয় বাংলা। বলা ভালো, পাড়ায় পাড়ায় চলে টিভি। বাড়িতে বাড়িতে, ৮ থেকে ৮০ সকলকেই দেখা যায়, টিভির পর্দায় চোখ জমাতে। এক কথায় বলতে গেলে, “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল”, এই কথাটি কতটা সত্য তা বারংবার প্রমাণিত হয়েছে।
ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে এবার কলকাতা লিগের খেলা কলকাতায় ফেরানো নিয়ে যাবতীয় সব কাজকর্ম শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এই বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন। কি বলেছেন তিনি? তাঁর সাফ কথা, এই ব্যাপারে কথা বলা হয়েছে এবং চেষ্টা করা হবে যাতে তিন প্রধানের মাঠে হকি না হয়।
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বক্তব্য, “অবশ্যই ফিরবে। হকি বেঙ্গলের সভাপতির সঙ্গে আমরা ইতিমধ্যেই এই বিষয়ে কথা বলেছি। চেষ্টা করব যাতে আগামী বছর থেকে হকি না হয় মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান মাঠে।” এরপরই তিনি দেন এক বড় সুসংবাদ। কি বলেন তিনি? অরূপ বিশ্বাস বলেন, “হকি বেঙ্গলের নিজস্ব অ্যাস্ট্র্যোটার্ফ স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে।”
