দেবজিৎ মুখার্জি: ক্রিকেটের সবচেয়ে রাজকীয় ফরম্যাট টেস্ট। দীর্ঘতম ফরম্যাটে অনেকে সফল হতে পেরেছেন, আবার অনেকে হতে পারেননি। যাঁরা সফল হতে পারেননি, তাঁদের মধ্যে অন্যতম ভারতীয় ক্রিকেট দলের চেতেশ্বর পুজারা। যখনই তিনি ব্যাট করতে নামতেন, বিপক্ষ দলের বোলারের মনে কাজ করতো এক আলাদা ভয়। তিনি নামা মানেই একটি প্রান্ত ধরে খেলে স্কোরবোর্ড আগে নিয়ে যাওয়া এবং দলকে জয়ের কাছাকাছি বা সুবিধাজনক জায়গায় নিয়ে যাওয়া।
তবে এবার পুজারাকে আর দেখা যাবে না ২২ গজে। কেন? অবসর ঘোষণা করলেন তিনি। স্বাভাবিকভাবেই পুজারার মতো এক তারকা ক্রিকেটার অবসর নেওয়ায় বেশ হতাশ হয়েছেন তাঁর ভক্তরা। যদিও শুধু তাঁর ভক্ত নয়, দেশের সকল ক্রিকেটপ্রেমীই বেশ কষ্ট পেয়েছেন পূজারার এই সিদ্ধান্তে। সমাজমাধ্যম থেকে তিনি এই প্রসঙ্গে নিজের বক্তব্য রেখেছেন সকলের উদ্দেশ্যে।
কি লিখেছেন পুজারা? তাঁর বক্তব্য, “দেশের জার্সি পড়ে জাতীয় সঙ্গীত গাওয়া এবং দেশের হয়ে নিজের সেরাটা দেওয়া, এই অনুভূতিগুলি প্রকাশ করা যায় না ভাষায়। তবে একটা সময় শেষ হয় সব ভালো জিনিস। অবসর নিচ্ছি সব ধরনের ক্রিকেট থেকে। সকলের প্রতি আমি কৃতজ্ঞ। ধন্যবাদ ভালোবাসা এবং সম্মানের জন্য।”
