দেবজিৎ মুখার্জি: নিজের ব্যাটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে একটা বড় নাম হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা। ২০২৪ সালের ২০ ওভারের বিশ্বকাপ জয়ের পরই তিনি অবসর ঘোষণা করেছিলেন ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট থেকে। সম্প্রতি, তিনি অবসর নেন টেস্ট ক্রিকেট থেকেও। এই মুহূর্তে তিনি শুধু খেলবেন একদিনের ক্রিকেট। সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ওডিআই সিরিজ খেলতে নামবেন।
এবার রোহিত শর্মা জানালেন কিভাবে ধীরে ধীরে প্রস্তুতির বিষয়টি গুরুত্ব দিতে শুরু করেন তরুণ ক্রিকেটাররা। নিজের অভিজ্ঞতা তুলে ধরেন হিটম্যান। তিনি জানান কিভাবে সময় বদলানোর সঙ্গে সঙ্গে সবকিছুতে পরিবর্তন আসে। এক কথায় বলতে গেলে, রোহিত বোঝেন মূল জিনিস হচ্ছে প্রস্তুতি।
রোহিত শর্মা বলেন, “কেরিয়ারের শুরুতে সমস্ত তরুণ ক্রিকেটার বোঝে না ভালো প্রস্তুতির কথা। কিন্তু ধীরে ধীরে এর গুরুত্ব বুঝতে পারে। যখন শুরু করেছিলাম খেলা, সেটা মজা আর উপভোগ করার জন্য শুধু ছিল। কিন্তু সময় পাল্টে যায়। আস্তে আস্তে এগিয়ে যান আপনি। এরপর খেলতে শুরু করেন বয়সভিত্তিক ক্রিকেট। তারপর দেখা হয় সিনিয়র খেলোয়াড় বা কোচের সঙ্গেও। তখন কিন্তু তাঁরা কথা বলেন ভালোভাবে প্রস্তুতি নেওয়া কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে। তাই আসল চাবিকাঠি হলো প্রস্তুতি।”
