দেবজিৎ মুখার্জি: গত রবিবার আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় জানিয়েছিলেন চেতেশ্বর পুজারা। তাঁর সরে দাঁড়ানোতে হতাশ হয়েছিলেন তাঁর ভক্ত সহ দেশের সকল ক্রিকেটপ্রেমী। বহু প্রাক্তন তারকা তাঁর প্রশংসা করেছিলেন। সকলেই তুলে ধরেছিলেন টেস্ট ক্রিকেটে তাঁর অবদান। শুধু তাই নয়, অনেকে এমনটাও দাবি করেছিলেন যে তাঁর মতো ক্রিকেটার পাওয়া সহজ নয়। এক কথায় বলতে গেলে, বিদায়বেলায় সকলে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন।
তার কদিন পর প্রাক্তন টেস্ট তারকাকে প্রশংসায় ভরিয়ে দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কি বক্তব্য তাঁর? পুজারাকে কুর্নিশ জানিয়ে একটি চিঠি লেখেন নামো। তাতে বলা হয়েছে, “তোমার কেরিয়ারে অনেক রান করেছ ও ম্যাচ জিতেছো। কিন্তু তোমার ব্যাটিংয়ে যেই শান্তি পেয়েছে ক্রিকেটপ্রেমীরা বা টিম নিশ্চিন্ত হতে পেরেছে যেভাবে, তা মাপা সম্ভব নয় সংখ্যা দিয়ে।”
চিঠিতে পুজারার উদ্দেশ্যে আরো লেখা, “শুধু জাতীয় দলের হয়ে নয়, একইভাবে তুমি খেলেছ ঘরোয়া ক্রিকেটেও। আশা করি আগামী দিনেও তুমি যুক্ত থাকবে ক্রিকেটের সঙ্গে এবং তরুণদের অনুপ্রেরণা যোগাবে।” প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে বেশ খুশি হয়েছেন পুজারা। সেই চিঠির ছবি তিনি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান ক্যাপশনে।
