নিউজ ডেস্ক: দীর্ঘদিন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে একসঙ্গে খেলেছেন দুজনে। একসাথে খেলেছে একাধিক দৃষ্টি আকর্ষণ করার মতো ইনিংস। একে অপরের খুব ভালো বন্ধুও। মাঝেমধ্যেই দুজনের মুখ থেকে শোনা যায় একে অপরের প্রশংসা। কিন্তু সেই বিরাটকেই সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে রাখলেন না দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ব্যাটার এবি ডিভিলিয়ার্স। এই ৫ ক্রিকেটারের মধ্যে রয়েছেন একজন পাকিস্তানিও।
সম্প্রতি, এক পডকাস্টে প্রাক্তন প্রোটিয়া তারকাকে জিজ্ঞেস করা হয় সেরা ৫ জন ক্রিকেটারের নাম বলতে। তাতে তিনি নাম নেন জ্যাক কালিস, অ্যান্ড্রু ফ্লিটনফ, শেন ওয়ার্ন, শচীন তেণ্ডুলকর ও মহম্মদ আসিফের। কিন্তু তাতে নাম নেই প্রাক্তন সথীর্থ বিরাট কোহলির। ডিভিলিয়ার্স বলেন, “যখন শচীন ব্যাট করতে নামতো, তখন যেভাবে ওকে গ্রহণ করত দর্শকরা, তা মুগ্ধ করে দিত সকলকে। শচীনের নামই বলবো, দুঃখিত বিরাট। ওই জন্য খুব কঠিন এসব প্রশ্নের উত্তর দেওয়া।”
এরপর বাকিদের প্রসঙ্গে ডিভিলিয়ার্স বলেন, “জ্যাক কালিস শ্রেষ্ট অলরাউন্ডার। সর্বকালের সেরা ক্রিকেটারও বলা যায় ওকে। আমি কখনো মহম্মদ আসিফের চেয়ে ভালো পেসারের বিরুদ্ধে খেলিনি। খুব খেলতে ভালবাসতাম শেন ওয়ার্নের বিরুদ্ধে। তবে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। দারুন লাগতো ওকে। অ্যান্ড্রু ফ্লিনটফ ম্যাচ উইনার। যেভাবে আউট করেছিল কালিসকে ইয়র্কারে, তা আমার দেখা অন্যতম সেরা।”
