নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে চলতি ট্রাই-সিরিজের তৃতীয় ম্যাচে সোমবার সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করলো আফগানিস্তান। শুধু জয় নয়, বড় ব্যবধানে তারা জয় পেল। সৌজন্যে ব্যাট হাতে সেদিকুল্লাহ অটল ও ইব্রাহিম জাদ্রানের দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস এবং বল হাতে অধিনায়ক রাশিদ খান ও শারাফউদ্দিন আশরাফের অসাধারণ বোলিং। লড়াই করেও শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের নামে করতে সফল হলো না সংযুক্ত আরব আমিরাত।
এদিন টসে জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় সংযুক্ত আরব আমিরাত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তারা তোলে ৪ উইকেটে ১৮৮। সর্বোচ্চ ৬৩ রান করেন ইব্রাহিম জাদ্রান। এছাড়া সেদিকুল্লাহ অটল করেন ৫৪। সংযুক্ত আরব আমিরাতের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান মহাম্মদ রোহিদ খান এবং সাঘির খান। বাকি বোলাররা তেমন দাগ কাটতে সফল হয়নি।
জবাবে রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে সংযুক্ত আরব আমিরাত তোলে ৮ উইকেটে ১৫০। সর্বোচ্চ ৬৭ রান করেন অধিনায়ক মহাম্মদ ওয়াসিম। এছাড়া উইকেটরক্ষক রাহুল চোপড়া করেন ৫২। আফগানিস্তানের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন অধিনায়ক রাশিদ খান ও শারাফউদ্দিন আশরাফ। একটি করে উইকেট পান ফাজলহক ফারুকি ও মহাম্মদ নবি। ম্যাচের সেরা ঘোষণা করা হয় শারাফউদ্দিন আশরাফকে।

