দেবজিৎ মুখার্জি: বন্যায় চরম ক্ষতি হওয়া পাঞ্জাবকে বড় সাহায্য বলিউড অভিনেত্রী, তথা পাঞ্জাব কিংস ফ্রাঞ্চাইজির ওনার, প্রীতি জিন্টার। কী সেই সাহায্য? ৩৩ লক্ষ ৮০ হাজার টাকা ফ্রাঞ্চাইজির তরফ থেকে দেওয়া হয়েছে তহবিলে। পাশাপাশি, পানীয় জল থেকে শুরু করে ত্রাণসামগ্রীও যাতে পৌঁছে যায়, সেই উদ্যোগ গ্রহণ করেছেন। জানা গিয়েছে, ফ্রাঞ্চাইজির ‘টুগেদার ফর পাঞ্জাব’ প্রকল্প এই ব্যাপারে এগিয়ে এসেছে। তারা দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে মিলে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দুই কোটি টাকা জোগাড় করার জন্য অভিযানও শুরু করা হয়েছে।
পাঞ্জাব কিংস ফ্রাঞ্চাইজি নিজেদের এক্স হ্যান্ডেল থেকে এই বিষয়টি তুলে ধরেছে। পোস্টে ছবি দিয়ে ক্যাপশনে লেখা, “টুগেদার ফর পাঞ্জাব। সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাঞ্জাব এবং গুরুত্বপূর্ণ প্রতিটি সাহায্যই। আসুন একসাথে আসি আমরা। দান আজই করি, সাহায্য করি জীবন পুনর্নির্মাণে এবং আশা ফেরাই।”
উল্লেখ্য, শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে চল্লিশ এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন লক্ষ। ভয়াবহ দুর্যোগ গ্রাস করেছে ২৩টি জেলাকে। পাঞ্জাব এমন ভয়াবহ বন্যা দেখেনি গত ৩৭ বছরের মধ্যে বলে দাবি করা হচ্ছে।
