নিউজ ডেস্ক: অসাধারণভাবে ত্রিদেশীয় সিরিজ শেষ করল পাকিস্তান। ফাইনালে তারা পরাজিত করল আফগানিস্তানকে। শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পেল তারা। ৭৫ রানে ম্যাচ জিতল তারা। সৌজন্যে ব্যাট ও বল হাতে মহাম্মদ নওয়াজের কীর্তি। তাঁকেই ম্যাচের ও সিরিজের সেরা ঘোষণা করা হয়। আফগানিস্তান এদিন কোনভাবেই টিকতে পারেনি পাকিস্তানের বোলিংয়ের সামনে। সকলকেই বেশ নড়বড়ে দেখায়।
রবিবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৪১। সর্বোচ্চ ২৭ রান করেন ফাখার জামান। এছাড়া মহাম্মদ নওয়াজের ব্যাট থেকে আসে ২৫ এবং অধিনায়ক সালমান আঘার ব্যাট থেকে আসে ২৪ রানের ইনিংস। আফগানিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান অধিনায়ক রাশিদ খান। এছাড়া দুটি করে উইকেট পান নুর আহমেদ ও ফজলহক ফারুকি এবং একটি উইকেট নিজের ঝুলিতে তোলেন ঘাজনফার।
জবাব রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে যায় আফগানিস্তানের ব্যাটিং অর্ডার। ৬৬ রানে অলআউট হয়ে যায় তারা। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচটি উইকেট পান মহাম্মদ নওয়াজ। হ্যাট্রিক নেন তিনি এদিন। এছাড়া দুটি করে উইকেট পান সুফিয়ান মুকিম ও আব্রার আহমেদ এবং একটি উইকেট নিজের ঝুলিতে তোলেন শাহীন শাহ আফ্রিদি। ম্যাচ ও সিরিজের সেরা ঘোষণা করা হয় মহাম্মদ নওয়াজকে।

