নিউজ ডেস্ক: রাত পোহালেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ও উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। সকলেই এখন অপেক্ষা করছেন রবিবার রাত ৮টার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে ম্যাচ সংক্রান্ত একাধিক পোস্ট দেখা গিয়েছে। এক কথায় বলতে গেলে, কেউ যেন আর বেশি অপেক্ষা করতে পারছেন না।
তবে ম্যাচ যাতে না হয় বা টিম ইন্ডিয়া যাতে পাকিস্তানের বিরুদ্ধে খেলা বয়কট করে, তা অনেকেই চেয়েছিলেন। এমনকি বহু প্রাক্তন তারকা এই ব্যাপারে সরাব পর্যন্ত হয়েছিলেন। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা খারিজ হয়ে যায়। তবে এই সবকিছুর মাঝেও ম্যাচ নিয়ে অন্যান্য ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ও উন্মাদনা একটুও কমেনি। বরং সময় যত কাছে আসছে, তা আরো বাড়ছে।
কিন্তু ম্যাচের আগে পাকিস্তানকে অভিনবভাবে বয়কট করলো বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংস। সোশ্যাল মিডিয়ায় তারা একটি ছবি পোস্ট করেছে, যেখানে ছবি রয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ-অধিনায়ক শুভমান গিলের। তাতে বিসিসিআইয়ের লোগো, ম্যাচের তারিখ, সময়, স্টেডিয়াম, সব দেওয়া রয়েছে। কিন্তু নেই পাকিস্তান ক্রিকেট লোগো। সেই জায়গাটা ফাঁকা ও অদৃশ্য। এটি ভাইরাল হতেই অনেকে মনে করছেন যে পাকিস্তানকে এভাবে বয়কট করা হয়েছে।

