নিউজ ডেস্ক: জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো পাকিস্তান। শুক্রবার তারা পরাজিত করল ওমানকে। শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পেল তারা। ৯৩ রানে ম্যাচে নিজেদের ঝুলিতে তুলেছে। ব্যাটিং হোক কি বোলিং, সমস্ত বিভাগেই তারা এগিয়ে ছিল ওমানের থেকে। অন্যদিকে, ওমান বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি ম্যাচে। একেবারে তাসের ঘরের মতো ভেঙে যায় তাদের ব্যাটিং অর্ডার। যদিও দলের অধিনায়কের মতে বোলিং বেশ ভালো হয়েছে তাদের।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৬০। সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস আসে উইকেটরক্ষক ব্যাটার মহাম্মদ হ্যারিসের ব্যাট থেকে। এছাড়া, ওপেনার সাহিবজাদা ফারহান করেন ২৯ এবং ফাখার জামান করেন ২৩ রান। ওমানের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান আমির কালিম ও শাহ ফাইজল এবং একটি উইকেট পান মহাম্মদ নাদিম।
জবাবে ১৬১ রান তাড়া করতে নেমে ওমানের পুরো দল প্যাভিলিয়নে ফিরে যায় ৬৭ রানে। ১৭ ওভার শেষ হওয়ার আগেই দলের সকল ব্যাটসম্যান আউট হয়ে যান। সর্বোচ্চ ২৭ রান করেছেন হামাদ মির্জা। পাকিস্তানের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পেয়েছেন সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ। এছাড়া একটি করে উইকেট পান শাহীন শাহ আফ্রিদি, আব্রার আহমেদ ও মহাম্মদ নওয়াজ। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মহাম্মদ হ্যারিসকে।

