ভালোই উইকেট হয়েছে, ইডেনের পিচ নিয়ে জানালেন সৌরভ

ভালোই উইকেট হয়েছে, ইডেনের পিচ নিয়ে জানালেন সৌরভ

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে শুভমান গিল নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের। এবার তাদের পরবর্তী মিশন দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করা। আগামী শুক্রবার, ১৪ নভেম্বর, প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া। ম্যাচটি খেলা হবে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় স্টেডিয়াম ইডেন গার্ডেন্সে। আসন্ন এই ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গিয়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের, বিশেষ করে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। কারণ শেষবার ইডেনে টেস্ট খেলা হয়েছিল ২০১৯ সালে। তবে একটা প্রশ্ন ঘোরাফেরা করছিল দীর্ঘদিন ধরে যে পিচ কেমন হবে। এবার তা নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, তথা সিএবি প্রেসিডেন্ট, সৌরভ গঙ্গোপাধ্যায়।

কী বক্তব্য মহারাজের? সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানানো হয় যে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে সিএবিকে কোন অনুরোধ করা হয়নি র‍্যাঙ্ক টার্নার নিয়ে। সুতরাং এটা স্পষ্ট যে দল কোনরকম হোম অ্যাডভান্টেজ নিতে চায় না। অন্যদিকে আবার স্পিন ভালোই খেলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিভাগ এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে বেশ জমজমাটি হবে। অর্থাৎ দেখার মতো হবে দুই দলের লড়াই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, “দলের তরফ থেকে কোনও অনুরোধ করা হয়নি। তাই আমি জবাব দিতে পারব না এই প্রশ্নের।” পিচ কেমন হবে, সেই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, “আমি মনে করি যে উইকেট খুব ভালই হয়েছে।”

বলে রাখা ভালো, মঙ্গলবার পিচ নিয়ে বৈঠক করতে দেখা যায় টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর ও কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে। দীর্ঘ আলোচনা হয়েছে দুজনের মধ্যে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, শুভমান গিল দলের টেস্ট অধিনায়ক হওয়ার পর থেকে ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত বলে মনে করছে গোটা ক্রিকেটমহল। ইংল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করলেও ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে তারা। সেক্ষেত্রে দেখার বিষয় যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেমন পারফর্ম করেন দলের ক্রিকেটাররা। সিরিজ কেমন হবে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *