দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুক্রবার, ১৪ নভেম্বর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কলকাতায় টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গিয়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের। শুধু তাই নয়, জয়কে পাখিরচোখ করে জোরদার অনুশীলন করছেন দুই দলের ক্রিকেটাররা। তবে এই সবকিছুর মাঝে প্রশ্ন ঘুরছিল যে পান্থ বা জুড়েলের মধ্যে কাকে দেখা যাবে প্রথম একাদশে। এবার সেই ব্যাপারে বুধবার প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে নিজের মতামত জানালেন টিম ইন্ডিয়ার সহকারি কোচ রায়ান টেন দুষ্কাতে।
কী বললেন সহকারি কোচ? প্রাক্তন ডাচ তারকা ক্রিকেটার বলেন, “আমি মনে করি যে কম্বিনেশন সম্পর্কে আমাদের মোটামুটি ভালো আইডিয়া আছে। যেভাবে গত ছয় মাসে খেলছে ধ্রুব এবং গত সপ্তাহে বেঙ্গালুরুতে দুটি শতরান করেছে, তাতে এই সপ্তাহে ও সার্টেন। আমি মনে করি না যে তুমি ওকে দলের বাইরে রাখতে পারবে। হ্যাঁ যেহেতু ১১ জনের খেলা, তাই কেউ না কেউ বাদ পড়বে। তবে আমি চমকে যাবো যদি ধ্রুব আর ঋষভ দুজনকে না খেলানো হয়।”
এমন পরিস্থিতিতে যে দলের তরুণ তারকা অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডির ওপর কোপ পড়বে, তা বেশ ভালো করেই স্পষ্ট। এই ব্যাপারেও নিজের মতামত জানান দুষ্কাতে। তিনি বলেন, “প্রথম লক্ষ্য হচ্ছে এমন এক পরিকল্পনা করা যাতে ম্যাথ জেতা যায়।” এর সঙ্গে নীতিশ কুমার রেড্ডি প্রসঙ্গেও নিজের বক্তব্য তুলে ধরেন প্রাক্তন ডাচ তারকা। সহকারি কোচের বক্তব্য, “নীতিশ খুব বেশি গেম টাইম পায়নি অস্ট্রেলিয়াতে। সিরিজের গুরুত্ব এবং পরিস্থিতি অনুযায়ী, ও বাদ পড়তে পারে বলে আমরা আশা করছি।” সেক্ষেত্রে প্লেয়িং কম্বিনেশন কি হবে, তার উপর যে সকলের নজর থাকবে, তা না বললেও চলে।
প্রসঙ্গত, প্রায় বছর ছয়েক পর ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেনসে খেলা হতে চলেছে টেস্ট ম্যাচ। দীর্ঘদিন ধরেই চর্চা চলছিল পিচ নিয়ে। সম্প্রতি, এই ব্যাপারে যাবতীয় সবকিছু জানানো হয়েছে সিএবি প্রেসিডেন্ট, তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে। শুধু তাই নয় কিউরেটর সুজন মুখোপাধ্যায় পর্যন্ত বলেছেন ঠিক কেমন পিচ হতে পারে। এবার দেখার যে কি পরিস্থিতি অপেক্ষা করছে ভারত ও দক্ষিণ আফ্রিকা, দুই দলের জন্য। কিভাবে পরিস্থিতি সামাল দেবে দুই দল, সেটাই এখন বড় প্রশ্ন এবং দেখার বিষয়।
